
শেষ আপডেট: 9 September 2018 05:27
দিনের তৃতীয় সেশনে এসে বেশিক্ষণ স্থায়ী হয়নি রাহুল-পূজারার জুটি। দলীয় ৭০ রানের মাথায় ব্যক্তিগত ৩৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন লোকেশ রাহুল। অধিনায়ক কোহলিকে ঘিরে ফের আশায় বুক বাঁধতে থাকেন ওভালে উপস্থিত ভারতীয় সমর্থকেরা। কোহলি ক্রিজে কিছুটা ধাতস্থ হতেই সাঝঘরে ফিরে যান ‘ডিপেন্ডবল’ পূজারা। তিনিও ফেরেন ৩৭ রানে। এরপর শুন্য রানে আউট হন রাহানে।
১০৩ রানে চার উইকেট হারিয়ে কাঁপতে থাকা দলের ব্যাটিংয়ের হাল ধরেন অধিনায়ক ও অভিষেককারী হনুমা বিহারী। ইংল্যান্ড পেসারদের দাপুটে বোলিংয়ের সামনে কোহলিকে যোগ্য সহায়তা করেন নবাগত বিহারী। অর্ধশতরান থেকে মাত্র এক কদম দূরে থেমে যায় ভারত অধিনায়কের ইনিংস। কোহলি-বিহারীর মূল্যবান ৫১ রানের পার্টনারশিপ দেড়শোর গন্ডি পেরোতে সাহায্য করে ভারতকে। কোহলি ফিরতেই যথারীতি চাপে পড়ে যায় ভারত। ভারতের টপ-অর্ডার ব্যাটসম্যানদের ফিরিয়ে দিয়ে ম্যাচে জাঁকিয়ে বসে ইংল্যান্ড। মাত্র ৫ রানে ফেরেন পন্থ।
গত টেস্টের মত মইন আলি জুজু তাড়া না করলেও ইংরেজ পেসারদের সামলাতে গিয়েই নাস্তানাবুদ হলেন ধাওয়ান, রাহানেরা। কোহলি কিংবা রাহুল চেষ্টা করলেও ইংল্যান্ডের রানে থাবা বসানো টেল এন্ডারদের পক্ষে কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্নচিহ্ন থাকছেই। কারণ সিরিজ জুড়ে টেল এন্ডারদের পারফরম্যান্স তথৈবচ। দ্বিতীয় দিনের শেষে ভারত পিছিয়ে এখনও ১৫৮ রানে। ক্রিজে রয়েছেন হনুমা বিহারী (২৫) এবং রবীন্দ্র জাদেজা (৮)।
তৃতীয় দিন বিরাট কোন অঘটন না ঘটলে প্রথম ইনিংসে ইংল্যান্ডকে পেরিয়ে যাওয়া কোহলিদের পক্ষে একপ্রকার অসম্ভব। এখন দেখার কত রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাট ধরেন রুটরা। তবে দ্বিতীয় দিনের শেষে খেলার সামগ্রিক চিত্র দেখে একপ্রকার পরিষ্কার বড়সড় পটপরিবর্তন না ঘটাতে পারলে সিরিজে আরও একটা হারের সাক্ষী থাকতে হবে কোহলির ভারতকে।