বিশ্বকাপ ফাইনালে ভারতের মেয়েরা, বৃষ্টিতে ভেস্তে গেল সেমিফাইনাল
দ্য ওয়াল ব্যুরো: এরকম যে হতে পারে তা আগে থেকেই আন্দাজ করা গিয়েছিল। হলও তাই। গত দু'দিন ধরে সিডনিতে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার সকালেও সেই বৃষ্টির বিরাম দেখা যায়নি। ফলে একটাও বল খেলানো গেল না। শেষ পর্যন্ত ভারত ও ইংল্যান্ডের মধ্যে সেমিফাইনাল ভেস
শেষ আপডেট: 5 March 2020 06:18
দ্য ওয়াল ব্যুরো: এরকম যে হতে পারে তা আগে থেকেই আন্দাজ করা গিয়েছিল। হলও তাই। গত দু'দিন ধরে সিডনিতে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার সকালেও সেই বৃষ্টির বিরাম দেখা যায়নি। ফলে একটাও বল খেলানো গেল না। শেষ পর্যন্ত ভারত ও ইংল্যান্ডের মধ্যে সেমিফাইনাল ভেস্তে গেল। গ্রুপ পর্যায়ে ১ নম্বরে শেষ করায় ভারতের মেয়েরা পৌঁছে গেল টি ২০ বিশ্বকাপের ফাইনালে। বিদায় নিল ইংল্যান্ড।
এদিন সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয় সিডনিতে। মাঝেমধ্যেই একটু কমলেও একবারে থামেনি। যতক্ষণ ম্যাচ খেলানোর সময় ছিল ততক্ষণ অপেক্ষা করেন আম্পায়ার ও ম্যাচ রেফারি। তারপরে তা বাতিল ঘোষণা করতে হয়। ভারত গ্রুপ এ-তে ১ নম্বরে শেষ করেছিল। অন্যদিকে ইংল্যান্ড গ্রুপ বি-তে ২ নম্বরে ছিল। আর তাই ভারতের মেয়েরা গ্রুপ লিগে উঁচুতে থাকায় ফাইনালে পৌঁছে গেল।
ম্যাচ শেষে ইংল্যান্ডের অধিনায়ক হেদার নাইট চরম বিরক্তি প্রকাশ করলেন। জানালেন, "বিশ্বকাপের সেমিফাইনালে একদিন করে রিজার্ভ ডে রাখা উচিত ছিল। এভাবে না খেলে টুর্নামেন্টের বাইরে বেরিয়ে যেতে খুব খারাপ লাগছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচটা হারা আমাদের পক্ষে কাল হল।"

অন্যদিকে না খেলে ফাইনালে ওঠাতে খুশি হননি ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। তিনি বলেন, "জিতে ফাইনালে উঠতে খুব ভাল লাগত। রিজার্ভ ডে রাখা উচিত ছিল। কিন্তু নিয়ম তো নিয়মই। এটা হতে পারে ভেবেই আমরা প্রতিটা ম্যাচ জেতার চেষ্টা করেছিলাম। সেটা হয়েছে বলে আমি খুব খুশি। বিশেষ করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলকে হারিয়েছি আমরা। আশা করছি ফাইনাল জিতেই দেশে ফিরব।"
দ্বিতীয় সেমিফাইনালে আর কিছুক্ষণ পরে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। এই সিডনির মাঠেই। এখন দেখার সেই ম্যাচেও বৃষ্টি নিজের দাপট দেখায় কিনা।