দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের টি ২০ বিশ্বকাপ বাতিল ঘোষণা করেছে আইসিসি। তারপরেই জল্পনা ছিল কবে এই বিশ্বকাপ হবে। অবশেষে আইসিসি জানিয়ে দিল ২০২২ সালে হবে এই বিশ্বকাপ। অস্ট্রেলিয়াতেই হবে এই টুর্নামেন্ট। তার আগে ২০২১ সালে টি ২০ বিশ্বকাপ হতে চলেছে ভারতে। এমনটাই জানাল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
শুক্রবার বৈঠকে বসেছিল আইসিসি। তারপরেই প্রেস বিবৃতি দিয়ে আইসিসি জানিয়ে দেয়, “আইসিসি ঘোষণা করছে ২০২০ সালের টি ২০ বিশ্বকাপ যেটা করোনা সংক্রমণের কারণে বাতিল করা হয়েছে, সেটি ২০২২ সালে অস্ট্রেলিয়াতে হবে। যেভাবে পরিকল্পনা ছিল সেভাবেই ২০২১ সালের টি ২০ বিশ্বকাপ ভারতে হবে।”
আইসিসির তরফে আরও জানিয়ে দেওয়া হয়েছে, আগামী বছর যে মহিলাদের একদিনের বিশ্বকাপ নিউজিল্যান্ডে হওয়ার কথা ছিল তা ২০২২ সালের ফেব্রুয়ারি-মার্চ মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হল। তার আগে এই টুর্নামেন্ট হবে না।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সিইও মনু সাহায় জানিয়েছেন, “আইসিসির আগামী টুর্নামেন্ট সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা রয়েছে। এই সময়ের মধ্যে যেসব টুর্নামেন্ট বাতিল হয়েছে সেগুলির সূচি পুনরায় করতে হবে। তাই কিছু টুর্নামেন্ট পিছিয়ে যাবে। ২০২১ সালে যেভাবে ভারতে যে টি ২০ বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে সেভাবেই সেটা হবে। ২০২২ সালে অস্ট্রেলিয়াতে হবে টি ২০ বিশ্বকাপ।”
জানা গিয়েছে, ২০২০ সালে যে নিয়মে টি ২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল, সেই নিয়মেই ২০২১ সালে ভারতে টি ২০ বিশ্বকাপ হবে। অর্থাৎ যেসব দেশ ২০২০ সালের বিশ্বকাপে অংশ নিত, তারাই ২০২১ সালে টি ২০ বিশ্বকাপে খেলবে। ২০২২ বিশ্বকাপের জন্য ফের পরে কোয়ালিফায়ার খেলা হবে।
আইসিসির এই ঘোষণায় বিসিসিআইয়ের দাবিই মানা হল। কারণ, বিসিসিআই চেয়েছিল ২০২২ এর বদলে ২০২১ সালেই বিশ্বকাপ আয়োজন করতে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আইসিসির এক আধিকারিক জানিয়েছেন, বিসিসিআই চেয়েছিল ২০২১ সালের টি ২০ বিশ্বকাপ আয়োজন করতে। কারণ ২০২৩ সালে একদিনের বিশ্বকাপ রয়েছে ভারতে। তার আগের বছর অর্থাৎ ২০২২ সালে ভারতে টি ২০ বিশ্বকাপ হলে পরপর দু’বছরে দুটি আইসিসি ইভেন্ট হত ভারতে। সেটা বিসিসিআই চায়নি। এটাই চেয়েছিল তারা।
প্রসঙ্গত ২০১৮ সালে টি ২০ বিশ্বকাপ হয়নি। শেষ হয়েছিল ২০১৬ সালে। তাই ২০২০ ও ২০২১ সালে পরপর দুটি বিশ্বকাপ হওয়ার কথা ছিল। সেটাই হবে ২০২১ ও ২০২২ সালে। ২০২১ সালের টুর্নামেন্ট পরিকল্পনা অনুযায়ীই হবে। ২ বছর পিছিয়ে গেল চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ। জানিয়ে দিল আইসিসি।