করোনার জেরে ক্রিকেট বন্ধ, তবুও টেস্টে শীর্ষস্থান খোয়ালেন বিরাটরা
দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের জেরে বিশ্বজুড়ে বন্ধ রয়েছে সব ধরনের খেলাধুলো। ক্রিকেটও বন্ধ। কিন্তু তারমধ্যেই চার বছর পর টেস্ট ক্রিকেটে শীর্ষস্থান খোয়ালো ভারত। শুক্রবার আইসিসির প্রকাশ করা নতুন তালিকায় এক নম্বর থেকে তিন নম্বরে নেমে গিয়েছেন ক
শেষ আপডেট: 1 May 2020 16:14
দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের জেরে বিশ্বজুড়ে বন্ধ রয়েছে সব ধরনের খেলাধুলো। ক্রিকেটও বন্ধ। কিন্তু তারমধ্যেই চার বছর পর টেস্ট ক্রিকেটে শীর্ষস্থান খোয়ালো ভারত। শুক্রবার আইসিসির প্রকাশ করা নতুন তালিকায় এক নম্বর থেকে তিন নম্বরে নেমে গিয়েছেন কোহলিরা।
মার্চ মাস থেকে বন্ধ রয়েছে ক্রিকেট। তার আগে ২০১৬ সালের অক্টোবর মাস থেকে টানা চার বছর টেস্টে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। কিন্তু খেলা না হলেও কী ভাবে পয়েন্টের এই পার্থক্য হল? এর কারণ হিসেবে দায়ী করা যেতে পারে আইসিসির এক অদ্ভুত নিয়মকে।
কী এই নিয়ম?
আইসিসি তাদের নতুন প্রকাশ করা তালিকায় ২০১৭ সালের মে মাস থেকে খেলা টেস্টের হিসেব করেছে। ২০১৯ সালের মে মাসের পর থেকে খেলা টেস্টের হিসেবে ১০০ শতাংশ পয়েন্ট ও তার আগে অর্থাৎ ২০১৭ থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত খেলা টেস্টের হিসেবে ৫০ শতাংশ পয়েন্ট যোগ করে এই নতুন তালিকা তৈরি করেছে। আর তাই এই হেরফের।
এই নতুন নিয়মের ফলে ১১৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে চলে গিয়েছে অস্ট্রেলিয়া। ১১৫ পয়েন্ট নিয়ে দু’নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। ১১৪ পয়েন্ট নিয়ে তিনে ভারত। ২০০৩ সাল থেকে টেস্ট র্যাঙ্কিং শুরু হওয়ার পর থেকে এই দ্বিতীয়বার প্রথম তিন এত কাছাকাছি রয়েছে। এর আগে ২০১৬ সালের জানুয়ারি মাসে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের থেকে মাত্র এক পয়েন্ট বেশি ছিল এক নম্বরে থাকা ভারতের।
২০১৬-১৭ সালে ১২টা টেস্ট জিতেছিল ভারত। হেরেছিল মাত্র একটা। এই সময়ের মধ্যে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড-সহ পাঁচটা সিরিজই জিতেছিল ভারত। কিন্তু অস্ট্রেলিয়া ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল। যদিও নতুন তালিকায় এই সিরিজগুলির হিসেব করা হয়নি। তার ফলেই এই ফের বদল হয়েছে।
এই নতুন তালিকায় সবথেকে ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। আট পয়েন্ট খুইয়ে শ্রীলঙ্কার নীচে ছ’নম্বরে চলে এসেছে তারা। ২০১৬-১৭ মরসুমে তিনটি সিরিজ জিতেছিল প্রোটিয়ারা। কিন্তু ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে ন’টি সিরিজের মধ্যে আটটি সিরিজ হেরেছে তারা। তার ফলেই এতটা নেমে গিয়েছে দক্ষিণ আফ্রিকা।
যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। এই চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পরে নিউজিল্যান্ড সিরিজ বাদে বাকি সব সিরিজে পুরো পয়েন্ট পেয়েছে তারা। অন্যদিকে পয়েন্ট নষ্ট করে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে আছে অন্যান্য দলগুলি। ন’টি টেস্ট খেলিয়ে দেশের প্রত্যেকে ছ’টি করে সিরিজ খেলবে। তারপরে প্রথম দুই দেশের মধ্যে ফাইনালের মাধ্যমে ঠিক হবে এই চ্যাম্পিয়নশিপের জয়ী দেশের নাম।