
শেষ আপডেট: 7 September 2018 18:41
চা বিরতির পরেই বদলে গেল ছবিটা। ঠিক যখন মনে হচ্ছে বিদায়ী টেস্টে সেঞ্চুরি করবেন এই বাঁহাতি তখনই ফিরে এলেন ভারতীয় বোলাররা। বুমরাহর বলে বোল্ড হয়ে ৭১ রান করে ফিরতে হলো কুককে। তারপর পরপর শূন্য রানে আউট হলেন অধিনায়ক রুট ও বেয়ারস্টো। অন্যদিকে মঈন আলি ধরে থাকলেও একদিকে থেকে ইংল্যান্ডের উইকেট পড়তে থাকে। বেশিক্ষন থাকতে পারলেন না স্টোকস। এই সিরিজে ব্যাট হাতে ইংল্যান্ডের স্টার স্যাম কুরানও আউট হলেন শূন্য রানে। ১৩৩ রানে ১ উইকেট থেকে ১৮১ রানে ৭ উইকেট হয়ে যায়। দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ১৯৮ রান ইংল্যান্ডের। বাটলার ১১ ও রশিদ ৪ রানে নট আউট আছেন।
ভারতীয় বোলারদের মধ্যে প্রথম দিনে ৩ উইকেট নিলেন ঈশান্ত শর্মা। বুমরাহ ও জাদেজা নিয়েছেন ২ টি করে উইকেট। শুধু উইকেট নেওয়া নয়, ওভালের পাটা উইকেটে আঁটোসাঁটো বোলিং করলেন ভারতীয় বোলাররা। কখনই ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ফ্রি হয়ে খেলতে দেননি তাঁরা।
দ্বিতীয় দিনের শুরুতে শিগগির ইংল্যান্ডের বাকি তিন উইকেট তুলে প্রথম ইনিংসে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই নামবেন বিরাটরা। গত টেস্টে প্রথম ইনিংসে ৩০-৫০ রান কম হওয়ার ফল ভুগতে হয়েছিল ভারতকে। নিয়মরক্ষার টেস্ট হলেও গত ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে সিরিজে ব্যবধান কমাতে মরিয়া ভারত। প্রথমদিনের তৃতীয় সেশনে সেই ইঙ্গিতই স্পষ্ট।