দুরন্ত শুরু করেও মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ ব্যাটিং, খেলায় ফিরল ভারত
দ্য ওয়াল ব্যুরো : এশিয়া কাপের ফাইনালে শুরুতে লিটন দাসের সঙ্গে মেহেদি হাসানকে নামানোর ফাটকা কাজে লেগে গেছিল বাংলাদেশের জন্য। ভারতের পেস বোলিংকে দাঁড়ানোর সুযোগ দেননি দুজন। ৬-এর উপর রেটে রান তুলতে থাকেন। কিন্তু ইনিংসের প্রথমার্ধ যদি বাংলাদেশের
শেষ আপডেট: 28 September 2018 16:00
দ্য ওয়াল ব্যুরো : এশিয়া কাপের ফাইনালে শুরুতে লিটন দাসের সঙ্গে মেহেদি হাসানকে নামানোর ফাটকা কাজে লেগে গেছিল বাংলাদেশের জন্য। ভারতের পেস বোলিংকে দাঁড়ানোর সুযোগ দেননি দুজন। ৬-এর উপর রেটে রান তুলতে থাকেন। কিন্তু ইনিংসের প্রথমার্ধ যদি বাংলাদেশের হয়ে থাকে, তাহলে দ্বিতীয়ার্ধ হলো ভারতের। দুরন্ত কামব্যাক করলেন ভারতীয় বোলাররা।
শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন লিটন দাস। গোটা এশিয়া কাপে চুপ থাকলেও ফাইনালের মঞ্চে জ্বলে উঠল এই বাঙালির ব্যাট। তাঁকে সঙ্গত দিলেন মেহেদি। দুজন মিলে ১৭ ওভারেই ১০০ রান তোলেন বাংলাদেশের। দেখে মনে হচ্ছিল, এশিয়া কাপের প্রথম ৩০০ হয়তো এ দিনই হবে। ঠিক তখনই ভারত অধিনায়ক রোহিত শর্মা বল তুলে দিলেন তাঁর তুরুপের তাস কেদার যাদবের হাতে। ২০.৫ ওভারে ১২০ রানের মাথায় কেদারের হাতে আউট হলেন মেহেদি হাসান।

তারপরেই ধস নামল বাংলাদেশ ব্যাটিংয়ে। ইমরুল কায়েশ ২ করে আউট হলেন। বাংলাদেশের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম ৪ রানের মাথায় কেদারকে ৬ মারতে গিয়ে আউট হলেন। তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরে গেলেন মহম্মদ মিথুন ও মেহমুদুল্লাহ রিয়াধও। ১২০ রানে শূন্য উইকেট থেকে ১৫১ রানে ৫ উইকেট পড়ে যায় বাংলাদেশের। এর মধ্যেই নিজের প্রথম আন্তর্জাতিক শতরান পূর্ণ করেন লিটন দাস।
সৌম্য সরকার চেষ্টা করেছিলেন লিটন দাসের সঙ্গে পার্টনারশিপ গড়ার। কিন্তু ভারতের আঁটোসাঁটো বোলিংয়ে রান আসছিল না। বাধ্য হয়ে মারতে গিয়ে আউট হন লিটন ও সৌম্য। লিটন দাস, মেহেদি হাসান ও সৌম্য সরকার ছাড়া বাকি কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ৪৮.৩ ওভারে ২২২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
ভারতের হয়ে কুলদীপ যাদব ৩ উইকেট, কেদার যাদব ২ উইকেট এবং বুমরাহ ও চাহাল ১ টি করে উইকেট নিয়েছেন। তিনজন ব্যাটসম্যান রান আউট হয়েছেন। এখন দেখার এই ম্যাচ জিতে পরপর দুবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে পারে কি না ভারত। নাকি পাকিস্তান ম্যাচের মতো খেলায় ফিরতে পারে বাংলাদেশ।