দ্য ওয়াল ব্যুরো : ঘরের মাঠে বিশ্বকাপ নিয়ে প্রত্যাশা ছিল অনেক। প্রথম ম্যাচেই ভারতীয় হকি দলের খেলোয়াড়রা বুঝিয়ে দিলেন আন্ডারডগ নন, বরং ফেভারিট হিসেবেই বিশ্বকাপে নেমেছেন তাঁরা। ভুবনেশ্বরে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। গোটা ম্যাচে প্রোটিয়াদের কার্যত কোনও জায়গায় দেননি ললিত উপাধ্যায়, মনদীপ সিংরা।
খেলার শুরু থেকেই ছিল ভারতের আক্রমণ। তার ফলও পেয়ে যায় ১০ মিনিটের মাথায়। পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন মনদীপ সিং। দু'মিনিটের মধ্যেই ব্যবধান বাড়ায় ভারতীয় হকি দল। ১২ মিনিটের মাথায় আকাশদীপের গোলে ম্যাচের স্কোরলাইন ২-০ করে বিশ্বকাপের আয়োজকরা৷
প্রথম কোয়ার্টারে আর গোল না হলেও ভারতের খেলা দেখেই বোঝা যাচ্ছিল এই ব্যবধান আরও বাড়বে। খেলা হচ্ছিল মূলত, দক্ষিণ আফ্রিকার অর্ধেই। ভারতীয় খেলোয়াড়দের গতি ও স্কিলের সামনে পেরে উঠছিলেন না প্রোটিয়ারা। দ্বিতীয় কোয়ার্টারেও বেশ কিছু সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু দক্ষিণ আফ্রিকার গোলকিপারের সৌজন্যে গোল হয়নি। এই কোয়ার্টারে দু-এক বার আক্রমণে উঠলেও অ্যাটাকিং থার্ডে এসেই শেষ হয়ে যাচ্ছিল দক্ষিণ আফ্রিকার সব আক্রমণ।
তৃতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি কর্নার থেকে প্রায় নিজের দ্বিতীয় গোল করে ফেলেছিলেন মনদীপ সিং। তাঁর ফ্লিক পোস্টে লেগে বেরিয়ে যায়। তবে সেই কোয়ার্টারের শেষ তিন মিনিটে এক জোড়া ফিল্ড গোল করে ভারত। ৪৩ মিনিটে সিমরনজিতের গোলে স্কোরলাইন ৩-০ হয়৷ দু'মিনিট পরে নিজের দ্বিতীয় গোল করেন ললিত উপাধ্যায়। ৪৫ মিনিটে ললিতের গোলে ৪-০ এগিয়ে যায় মনপ্রীতরা৷
চতুর্থ কোয়ার্টারের শুরুতেই ফের গোল করে ভারত। ৪৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সিমরনজিৎ নিজের দ্বিতীয় গোল করেন। জোড়া গোলের সুবাদে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন সিমরনজিৎ সিং। শেষ দিকে দু-একটি সুযোগ তৈরি করে দক্ষিণ আফ্রিকা। কিন্তু তা থেকে ফায়দা তুলতে পারেনি প্রোটিয়ারা। ফলে ৫-০ গোলেই হারতে হয় দক্ষিণ আফ্রিকাকে।
পুল-সি’র অন্য ম্যাচে বেলজিয়াম ২-১ গোলে পরাজিত করে কানাডাকে৷ বেলজিয়ামের হয়ে দুটি ফিল্ডগোল করেন ফেলিক্স ডেনায়ের ও থমাস ব্রেয়লস৷ কানাডার হয়ে পেনাল্টি কর্ণার থেকে ব্যবধান কমান মার্ক পিয়েরসন৷ আগামী ২ ডিসেম্বর পুল-সি’র পরের ম্যাচে ভারত মুখোমুখি হবে বেলজিয়ামের৷ কানাডা খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে৷ শক্তিশালী বেলজিয়ামের বিরুদ্ধে নামার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচের মহড়া ভালো করেই সেরে রাখল ভারত।