দ্য ওয়াল ব্যুরো : সোমবার সকালেই বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়, বাঁ পায়ের বুড়ো আঙুলে চিড় ধরেছে অলরাউন্ডার বিজয় শঙ্করের। তাই তাঁকে দেশে পাঠানো হচ্ছে। তাঁর জায়গায় দলে নেওয়া হতে পারে ময়ঙ্ক আগরওয়ালকে। তারপরেই আইসিসির কাছে আবেদন করে ভারতীয় বোর্ড। আইসিসির টেকনিক্যাল কমিটি অবশ্য বিসিসিআইয়ের এই আবেদন মেনে নিয়েছে। ভারতীয় দলের ১৫ নম্বর ক্রিকেটার হিসেবে যোগ দিচ্ছেন ময়ঙ্ক আগরওয়াল।
বিজয়ের পরিবর্ত হিসেবে অবশ্য ময়ঙ্কের নাম ঘোষণা হওয়ার পর কপাল কুঁচকেছেন অনেকেই। তাঁদের বক্তব্য, ভারতের জার্সি গায়ে মাত্র দুটি টেস্ট খেলেছেন ময়ঙ্ক। একদিনের ক্রিকেটেও অভিষেক হয়নি তাঁর। অর্থাৎ একদিনের ম্যাচে অভিষেক হতে চলেছেন সরাসরি বিশ্বকাপে। এই রকম মঞ্চে অনভিজ্ঞ ক্রিকেটার নিয়ে ভুল করলো না তো টিম ইন্ডিয়া।
অবশ্য এর বিরুদ্ধেও যুক্তি সাজিয়েছেন অনেকে। তাঁদের বক্তব্য, ময়ঙ্ক ভারতীয় দলে নতুন হলেও ঘরোয়া ক্রিকেট খেলছেন অনেকদিন ধরে। গত কয়েক বছর রঞ্জিতে দারুণ ফর্মে রয়েছেন। টেস্ট টিমে সুযোগ পেয়ে অস্ট্রেলিয়ার মতো জায়গায় দুই টেস্টে ১৯৫ রান করেছে ময়ঙ্ক। আর তাঁর এই অকুতোভয় ব্যাটিং তাঁর নির্বাচনের পক্ষে গেছে।
সোমবার সকালে বিসিসিআইয়ের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, “বিজয় চোট পাওয়ার পর আমরা আশা করেছিলাম ও সুস্থ হয়ে উঠবে। কিন্তু সেটা হয়নি। এই অবস্থায় বিজয়কে দলে রাখার কোনও মানে নেই। তাই ওকে দেশে পাঠানো হচ্ছে। তার জায়গায় ময়ঙ্ক আগরওয়ালকে দলে নেওয়া হতে পারে। কারণ ও এলে ওপেনারের ভূমিকায় খেলতে পারবে। যদি ঋষভ ব্যর্থ হয় তাহলে আগরওয়ালকে রোহিতের সঙ্গে ওপেনিংয়ে পাঠিয়ে লোকেশ রাহুলকে চার নম্বরে খেলানো হতে পারে।”
মানে ভারতীয় ম্যানেজমেন্টের মাথায় ময়ঙ্ককে ওপেনার হিসেবে খেলানোর চিন্তা আছে। অবশ্য পুরোটাই নির্ভর করছে পরিস্থিতির উপর। আইসিসির টেকনিক্যাল কমিটির সম্মতি পেলেও শ্রীলঙ্কা ম্যাচের আগে মাঠে নামার কোনও সুযোগ নেই ময়ঙ্কের। এখন দেখার সেমিফাইনালের আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ময়ঙ্কের ভাগ্যে শিকে ছেঁড়ে কিনা।