দ্য ওয়াল ব্যুরো : বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর অনেকেই সমালোচনা করেছেন বিরাট কোহলিদের। সেই ব্যর্থতা ভুলে এ বার সামনের দিকে তাকাতে চায় টিম ইন্ডিয়া। এই লক্ষ্যেই ওয়েস্ট ইন্ডিজ সফরে রওনা দিয়েছে ভারতীয় দল। আর তার মাঝেই কোহলিদের উদ্দেশে কিছুটা তীর্যক টুইট করলেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। হাঁসের দলের একটা ভিডিয়ো প্রকাশ করে এই টুইট করেছেন তিনি।
টুইটের ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে চলেছে হাজার হাজার হাঁস। বড় রাস্তা থেকে ছোট রাস্তার দিকে ঢুকছে তারা। তাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে কয়েকজন। আর এই হাঁসের জন্য রাস্তায় দাঁড়িয়ে গিয়েছে গাড়ি-ঘোড়া। প্রায় মিনিট দুয়েক ধরে রাস্তা পার হয়েছে হাঁসের দল। তারপর অবশ্য আবার যান চলাচল স্বাভাবিক হয়েছে। এই ভিডিয়ো টুইট করে গোয়েঙ্কা লিখেছেন, "দয়া করে এই ভিডিয়ো ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া ভারতীয় ক্রিকেটারদের কেউ দেখাবেন না। যদি ওরা ইনস্পায়ার হয়ে যায়।"
https://twitter.com/hvgoenka/status/1156530758183297024
কিন্তু কেন এই টুইট করে ভারতীয় দলের কথা বললেন হর্ষ গোয়েঙ্কা?
হাঁসের ইংরেজি হলো ডাক। আর ক্রিকেটীয় পরিভাষায় কোনও ব্যাটসম্যান শূণ্য রানে আউট হলে তাকে 'ডাক' বলা হয়। প্রথম বলেই আউট হলে আবার আরও কটাক্ষ করে তাকে গোল্ডেন ডাক বলা হয়। আগেকার দিনে তো ক্রিকেটে শূণ্য রানে আউট হলে তাকে দেখানোর জন্য অনেক রকম কার্টুন করেও দেখানো হতো। মোদ্দা কথা হলো, এই ডাক আসলে খেতে যতটা ভালো, আউট হলে ব্যাটসম্যানদের কিন্তু মোটেই ভালো লাগে না। আর সেখানেই কটাক্ষ করেছেন গোয়েঙ্কা।
বিশ্বকাপে ভারত ডুবেছে ব্যাটিং ব্যর্থতায়। কয়েকজন ব্যাটসম্যান ছাড়া বাকিরা রান পাননি। অথচ ভারতীয় দলের প্রধান শক্তি কিন্তু ব্যাটিং। আর তাই কোহলিদের কটাক্ষ হয়েছে বেশি। সেই কাটা ঘায়েই কিছুটা নুন ছড়ালেন গোয়েঙ্কা। বোঝাতে চাইলেন, ক্যারিবিয়ান সফরে কোহলিরা ব্যর্থ হলে কিন্তু সেটা মোটেই ভালোভাবে নেবেন না সমর্থকরা। আর তাই এই সমালোচনার হাত থেকে বাঁচতে হলে ব্যাটিংয়ের দিকে নজর দিতে হবে বিরাট অ্যান্ড কোংকে।