দ্য ওয়াল ব্যুরো: সুখদেব সিং ইস্যুতে মুখ পুড়ল ইস্টবেঙ্গলের। চুক্তিপত্রে জালিয়াতির জন্য ইস্টবেঙ্গলকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পরবর্তী ট্রান্সফার উইন্ডো পর্যন্ত নির্বাসিত করল। সেই সঙ্গে নির্বাসিত করা হলো সুখদেব সিংকেও।
এই নির্বাসনের ফলে ২০১৯-এর ৩১ জানুয়ারি পর্যন্ত ইস্টবেঙ্গল কোন নতুন ফুটবলারকে সই করাতে পারবে না। ওই তারিখ পর্যন্ত কোনও ক্লাবের হয়ে খেলতে পারবেন না সুখদেব সিংও। ৩১ জানুয়ারির পর দ্বিতীয় ট্রান্সফার উইনডো খোলার পরেই নতুন খেলোয়াড়কে সই করাতে পারবে লালহলুদ। শনিবার ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি এই সিদ্ধান্ত জানিয়ে দেয়।
গত মরশুমে মিনার্ভা পাঞ্জাবকে আই লিগ চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সুখদেব সিং। তাই ট্রান্সফার উইন্ডো খোলার সঙ্গে সঙ্গেই তাঁকে নিতে ঝাঁপিয়েছিল কলকাতার দুই প্রধান। শোনা গেছিল ইস্টবেঙ্গলে খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছেন সুখদেব সিং। এমনকী সাংবাদিক সম্মেলন করে লালহলুদ কর্তারা জানিয়েছিলেন যে ৪০ লক্ষ টাকার বিনিময়ে চুক্তিপত্রে সই পর্যন্ত হয়ে গিয়েছে সুখদেব সিংয়ের।
কিন্তু তারপরেই নাটক। মিনার্ভা পঞ্জাবকে ট্রান্সফার ফি না দেওয়ায় তারা লাল-হলুদে খেলার অনুমতি দেয়নি এই স্টপারকে। এই সুযোগে মোহনবাগান ৫৬ লক্ষ টাকায় ওভারট্রাম্প করে সই করিয়ে নেয় সুখদেবকে। ১৪ মে সাংবাদিক সম্মেলন করে মোহনবাগানের দল নির্বাচনের দায়িত্বে থাকা সৃঞ্জয় বসু দাবি করেন, ইস্টবেঙ্গল নয়, বরং মোহনবাগানের হয়ে পরের মরশুমে আই লিগে খেলতে দেখা যাবে সুখদেবকে। মোহনবাগানের সঙ্গে নাকি চুক্তিপত্রে সই হয়ে গিয়েছে তাঁর। এমনকী ক্লাবের কাছ থেকে অগ্রিম পারিশ্রমিকও নিয়ে নিয়েছেন তিনি। সাংবাদিক সম্মেলনে সৃঞ্জয় বলেন, তাঁরা ২৪ জনের দলের নাম প্রকাশ করেছিলেন সুখদেবের কথা মাথায় রেখেই। তাঁর নাম আগে প্রকাশ করেননি, কারণ পাশের ক্লাব ইস্টবেঙ্গলও চেয়েছিল সুখদেবকে নিতে।
কিন্তু এই চুক্তির ব্যাপারে ডামাডোল চলতে থাকে। বল চলে যায় ফেডারেশনের কোর্টে। ইস্টবেঙ্গল, মোহনবাগান দুই ক্লাবই দাবি জানায় সুখদেব সিং তাদের দলের চুক্তিবদ্ধ ফুটবলার। তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসে ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির। সেই বৈঠকে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রতিনিধি হাজির ছিলেন। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সেই বৈঠকে হাজির ছিলেন আলভিটো ডি’কুনহা। শনিবার ফেডারেশনের তরফে জানানো হয়, চুক্তির ক্ষেত্রে নিয়ম ভেঙেছেন সুখদেব সিং। এভাবে কখনওই প্রথমে এক ক্লাবে সই করে পরে বেশি অঙ্কের টাকা পেয়ে অন্য ক্লাবে সই করাটা বেআইনী। তাই ফেডারেশনের পক্ষ থেকে চার মাসের জন্য সুখদেব সিংকে নির্বাসন দেওয়া হয়েছে।
সেইসঙ্গে নিয়ম ভেঙেছে ইস্টবেঙ্গলও। এইভাবে কোনও খেলোয়াড়কে সই করানো বেআইনি। তাই ৩১ জানুয়ারি, ২০১৯ পর্যন্ত নির্বাসিত করা হয় ইষ্টবেঙ্গল ক্লাব ও সুখদেব সিংকে। ফেডারেশনের এই সিদ্ধান্তে কিছুটা সমস্যায় পড়েছে বাগান। সুখদেবকে মাথায় রেখেই সামনের মরশুমের জন্য দল সাজিয়েছিলেন কোচ শঙ্করলাল চক্রবর্তী। চার মাস নির্বাসন মানে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত খেলতে পারবেন না এই ডিফেন্ডার। ততদিনে আই লিগের বেশিরভাগ খেলা হয়ে যাবে।
অন্যদিকে কলকাতা লিগ শেষ হওয়ার পর কাশিম আইদারা ও আমনাকে ছেড়ে দিয়ে নতুন বিদেশির খোঁজে ছিলেন লালহলুদ কর্তারা। কিন্তু ফেডারেশনের এই শাস্তির ফলে এখন নতুন কোনও খেলোয়াড়কে সই করাতে পারবে না তারা। যে সব খেলোয়াড় চুক্তিবদ্ধ হয়েছেন, তাঁদের নিয়েই আই লিগের বেশিরভাগ সময় খেলতে হবে তাঁদের। ফলে এই সিদ্ধান্তে যে বেশ বিপাকে লালহলুদ ব্রিগেড তা বলাই বাহুল্য।