চোট সারিয়ে সাফল্য, জিমন্যাস্টিক্সের ওয়ার্ল্ড কাপে ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ দীপা'র
দ্য ওয়াল ব্যুরো: রিও অলিম্পিক্সে একটুর জন্য হাতছাড়া হয়েছিল পদক। জিমন্যাস্টিক্সে চতুর্থ হওয়ার পর গোটা দেশ শুভেচ্ছা জানালেও হতাশা ঝরে পড়েছিল তাঁর গলা থেকে। কিন্তু এ বার আর হাতছাড়া করলেন না। শনিবার জার্মানির কোটবাসে আর্টিস্টিক জিমন্যাস্টকের ভল
শেষ আপডেট: 25 November 2018 11:09
দ্য ওয়াল ব্যুরো: রিও অলিম্পিক্সে একটুর জন্য হাতছাড়া হয়েছিল পদক। জিমন্যাস্টিক্সে চতুর্থ হওয়ার পর গোটা দেশ শুভেচ্ছা জানালেও হতাশা ঝরে পড়েছিল তাঁর গলা থেকে। কিন্তু এ বার আর হাতছাড়া করলেন না। শনিবার জার্মানির কোটবাসে আর্টিস্টিক জিমন্যাস্টকের ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ জিতে নিলেন দীপা কর্মকার।
রিও অলিম্পিক্সে তাঁর প্রদুনোভা ভল্ট ছিল শিরোনামে। অত্যন্ত কঠিন এই ভল্ট খুব সহজেই করতেন দীপা। এই প্রদুনোভাই ছিল তাঁর ইউএসপি। কিন্তু অলিম্পিক্সের ফাইনালে ল্যান্ডিং ঠিকঠাক না হওয়াতে হাতছাড়া হয় পদক। চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে।
অলিম্পিক্সের পরবর্তী সময়ে হাঁটুর চোটে এক বছর কোনও রকমের প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে নামতে পারেননি ত্রিপুরার এই মেয়ে। চোট সারিয়ে ফিরে এসেই তুরস্কে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে গলায় ঝুলিয়েছিলেন স্বর্ণ পদক। কিন্তু ফের হাঁটুর চোটে কাবু দীপা নামতেই পারেননি এশিয়াডের ভল্ট ইভেন্টের ফাইনালে। নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন দলগত বিভাগ থেকেও।
ফের বেশ কয়েক মাস রিহ্যাবে কাটাতে হয় দীপাকে। চোট সারিয়ে কোচ বিশ্বেশ্বর নন্দীর অধীনেই ট্রেনিং শুরু করেছিলেন। লক্ষ্য ছিল জার্মানি থেকে পদক আনা। সেই লক্ষ্যেই এ দিন সফল হলেন দীপা। ১৪.৩১৬ স্কোর করে এদিন ব্রোঞ্জ পদক গলায় ঝোলান এই তারকা জিমন্যাস্ট। ব্রাজিলের রেবেকা অ্যান্দ্রেদ এবং যুক্তরাষ্ট্রের জেড ক্যারে সোনা ও রুপোর পদক গলায় ঝুলিয়েছেন যথাক্রমে ১৪.৭২৮ এবং ১৪.৫১৬ স্কোর করে। এ দিনের জয়ের ফলে ২০২০ সালে টোকিও অলিম্পিক্সে অংশগ্রহণের সম্ভাবনা অনেক বেড়ে গেল দীপার।
২০২০ টোকিও অলিম্পিক্সে ৮ টি ইভেন্ট কোয়ালিফায়িং সিস্টেমেও অংশগ্রহণকারী হিসেবে নাম রয়েছে দীপার। সেই লক্ষ্যে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত প্রথম টুর্নামেন্টে ভালই ফল করেছিলেন বছর পঁচিশের এই জিমন্যাস্ট। পরবর্তীতে দোহা এবং বাকুতেও টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন তিনি। কিন্তু জার্মানির এই টুর্নামেন্টটাই ছিল সবচেয়ে কঠিন।
ওয়ার্ল্ড কাপের মত টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক জয় করায় দীপা ও তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দীকে অভিনন্দন জানিয়েছে জিমন্যাস্টিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। ব্রোঞ্জ জিতে দেশকে গর্বিত করার পর দীপা জানিয়েছেন, পৃথিবীর প্রথম সারির অ্যাথলিটদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিতে পারাটা একটা দারুণ অনুভূতি। এই ব্রোঞ্জ পদকও সোনা মনে হচ্ছে। এরপর লক্ষ্য অলিম্পিক্স। আপাতত সেই লক্ষ্যেই নিজেকে তৈরি করবেন দীপা।