
শেষ আপডেট: 8 July 2019 09:52
পৃথিবীর একমাত্র ফুটবলার, যিনি দেশ ও ক্লাবের জার্সি গায়ে চল্লিশটি ট্রফি জিতেছেন। ২০০২ সালে ব্রাজিলের বাহিয়া থেকে অন্যতম প্রাচীন স্প্যানিশ ফুটবল ক্লাব সেভিয়ায় গিয়েছিলেন আলভেস। ছিলেন ছ’বছর। আর এই ছ’বছরে সেভিয়ার জার্সি গায়ে জিতেছিলেন দুটি উয়েফা কাপ, একটি উয়েফা সুপার কাপ, একটি কোপা ডে লে রে এবং একটি সুপার কোপা।
সেভিয়া থেকে ২০০৮-এ বিরাট পরিমাণ অর্থের বিনিময়ে বার্সেলোনায় যান এই ডিফেন্ডার। কাটিয়েছেন আটটা মরশুম। এই ৪০টি ট্রফির মধ্যে আট বছরে বার্সার জার্সিতেই জিতেছেন ২৩টি ট্রফি। সেই তালিকায় রয়েছে ছ’টি লা লিগা, চারটি কোপা ডেল রে, চারটি সুপার কোপা, তিন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং তিনটি উয়েফা সুপার কাপ।
১৪ বছর স্পেনে কাটানোর পর ২০১৬তে দানি আলভেস পাড়ি দেন ইতালিতে। জুভেন্তাসে সই করেন পাঁচ ফুট আট ইঞ্চির এই ব্রাজিলীয়। এক মরসুম ছিলেন সেখানে। কিন্তু সে বছর জোড়া ট্রফি জেতেন তিনি। একটি সিরিয়া লিগ এবং একটি কোপা ইতালিয়া।
২০১৭-তেই জুভেন্তাস ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মানে যান দানি। এখনও তিনি সেখানেই খেলছেন। দু’মরশুমে পিএসজি জার্সিতেও তাঁর প্রাপ্তির পরিমাণ কম নয়। জিতেছেন দুটি লিগ ওয়ান, দুটি ট্রফি ডি ক্যাম্পিওয়া, একটি করে কা ডি লা লিগ এবং কাপ ডি ফ্রান্স।
ক্লাবের জার্সির পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও সফল দানি আলভেস। রয়েছে দুটি কনফেডারেশন কাপ এবং দুটি কোপা আমেরিকা।
বিরল রেকর্ড তৈরির পর দানি বলেছেন, “আমি খেলি টিমের জন্য। আজ প্রতিটা টিমের জয়ই আমাকে এই রেকর্ডে পৌঁছে দিয়েছে। আমি সমস্ত সতীর্থদের কাছে কৃতজ্ঞ।” ফুটবলার হিসেবে উঠে আসাটাও কম লড়াইয়ের ছিল না। কফি ক্ষেতের সাধারণ মজুরের ছেলের এমনও দিন গিয়েছে, বুট কেনার সামর্থ্য ছিল না। চেয়ে নিয়ে বুট পরে মাঠে নামতে হতো। শুধু বিপক্ষের ফরওয়ার্ড নয়, অভাবকেও ট্যাকল করে সাইডলাইনের ধারে ছিটকে দিয়েছেন দানি। আর এই রেকর্ড গড়ার পরই ব্রাজিলে আপাতত দানি আলভেসের আদরের নাম, ‘চ্যাম্পিয়ানো।’