রুদ্ধশ্বাস ম্যাচে স্পেনকে হারিয়ে উয়েফা নেশনস লিগে নিজেদের বাঁচিয়ে রাখল ক্রোয়েশিয়া
দ্য ওয়াল ব্যুরো: উয়েফা নেশনস লিগে নিজেদের বাঁচিয়ে রাখল বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়া। রুদ্ধশ্বাস ম্যাচে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ৩-২ গোলে হারালেন মড্রিচরা।
ক্রোয়েশিয়ার জাগ্রেভে উয়েফা নেশনস লিগের ফিরতি ম্যাচে দলে তিনটে পরিবর্তন
শেষ আপডেট: 16 November 2018 11:22
দ্য ওয়াল ব্যুরো: উয়েফা নেশনস লিগে নিজেদের বাঁচিয়ে রাখল বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়া। রুদ্ধশ্বাস ম্যাচে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ৩-২ গোলে হারালেন মড্রিচরা।
ক্রোয়েশিয়ার জাগ্রেভে উয়েফা নেশনস লিগের ফিরতি ম্যাচে দলে তিনটে পরিবর্তন করেছিলেন ক্রোট কোচ জলাটকো ডালিচ। স্ট্রিনিচ, গোলকিপার সুবাসিচ ও মানজুকিচের জায়গায় প্রথম এগারোয় নিয়ে এসেছিলেন টিন জেদভাজ, নিকোলা কালিনিচ ও ক্রামারিচকে। ক্রামারিচের গোল ও জেদভাজের জোড়া গোলেই এ দিন স্পেনকে হারায় ক্রোয়েশিয়া।
প্রথমার্ধে পুরোটাই ছিল ক্রোয়েশিয়ার আধিপত্য। অন্যদিকে স্পেন দলের ডিফেন্সেও বেশ কিছু পরিবর্তন করতে বাধ্য হয়েছিলেন স্প্যানিশ কোচ লুইস এনরিকে। নাচো'র মতো অভিজ্ঞ ডিফেন্ডার ছিলেন না দলে। ফলে নিজেদের ছন্দে খেলতে সমস্যা হচ্ছিল স্প্যানিশ আর্মাডার।
প্রথমার্ধে কোনও গোল না হলেও দ্বিতীয়ার্ধ ছিল পুরোটাই নাটকে ভরা। ৫৩ মিনিটের মাথায় র্যামোসের দিকে ভুল ব্যাক পাস করেন সের্জি রোবের্তো। এই বল ধরে ডি হিয়ার পাস দিয়ে বল জালে জড়িয়ে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন ক্রামারিচ। তবে সমতা ফেরাতে বেশি সময় লাগেনি স্পেনের। স্পেনের হয়ে সমতা ফেরান তরুণ সেবালোস। মিনিট দুয়েক পরেই স্পেনকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন আসপাস। কিন্তু আসপাসের শট ক্রসবারে গিয়ে লাগে।

এর খেসারত দিতে হয় স্পেনকে। লুকা মদ্রিচের ক্রস থেকে হেডে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করে দ্বিতীয় বারের জন্য ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন জেদভাজ। এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল মার্সেলো ব্রোজোভিচের সামনে। কিন্তু সহজ সুযোগ নষ্ট করেন তিনি।
এরই সুযোগ নিয়ে ফের খেলায় ফেরে স্পেন। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে আলভারো মোরাতার হেড গোললাইন সেভ করেন ভারসালকো। কিন্তু ফিরতি বলই বক্সের মধ্যে তাঁর হাতে লেগে যায়। ফলে পেনাল্টি পায় স্পেন। অধিনায়ক র্যামোস স্পট থেকে গোল করতে কোনও ভুল করেননি।
ঠিক যখন মনে হচ্ছে খেলা ড্র হবে, তখনই নাটক। অতিরিক্ত সময়ে প্রতিআক্রমণ থেকে গোল করে ক্রোয়েশিয়াকে তৃতীয়বারের জন্য এগিয়ে দেন জেদভাজ। প্রতিআক্রমণ থেকে ব্রেকালোর শট ডি হিয়া আটকালেও ফিরতি বলে গোল করেন জেদভাজ। আর ফিরে আসা সম্ভব হয়নি স্পেনের।
এই জয়ের ফলে ৩ ম্যাচে ৪ পয়েন্ট ক্রোয়েশিয়ার। অন্যদিকে ৪ ম্যাচে ৬ পয়েন্ট স্পেনের। তৃতীয় দল ইংল্যান্ডের পয়েন্টও ৩ ম্যাচে ৪। রবিবার এই গ্রুপের শেষ খেলায় ওয়েম্বলির মাটিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। যা অবস্থা তাতে এই গ্রুপ থেকে সেমিফাইনালে যে কেউ যেতে পারে। আবার অবনমনও হয়ে যেতে পারে যে কোনও দলের। শেষ খেলায় ক্রোয়েশিয়া জিতলে তারা পৌঁছে যাবে সেমিফাইনালে। অবনমন হবে ইংল্যান্ডের। ইংল্যান্ড জিতলে সেমিফাইনালে যাবে ইংল্যান্ড। অবনমন হবে ক্রোয়েশিয়ার। আর যদি দুই দল ড্র করে তাহলে সেমিফাইনালে যাবে স্পেন। অবনমন হবে ক্রোয়েশিয়ার।
এখন দেখার শেষ হাসি কে হাসে। থ্রি লায়ন্স? নাকি স্প্যানিশ আর্মাডা? নাকি শেষ মুহূর্ত অবদি লড়াই করা লুকা মড্রিচের ক্রোয়েশিয়া।