দ্য ওয়াল ব্যুরো: এমনটা হলে শতাব্দীর সেরা ফুটবল দৃশ্য দেখা যাবে। ক্যাম্প নৌয়ের টানেল দিয়ে একসঙ্গে বেরিয়ে আসছেন সিআর সেভেন ও এলএম টেন। না, আলাদা জার্সি গায়ে নয়, একই দলের হয়ে মাঠে নামছেন তাঁরা। যে দুই ফুটবলারকে নিয়ে দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে ফুটবল বিশ্ব, সেই দুই ফুটবলারকেই দেখা যাবে একই দলে। এমনটা কি আদৌ হবে? সেটা অবশ্য সময় বলবে। তবে আপাতত বলা যায়, তেমন একটা কিছু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
দু’বছর আগে রিয়েল মাদ্রিদ থেকে ৯০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কিনেছিল ইতালির চ্যাম্পিয়ন ক্লাব জুভেন্টাস। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশা নিয়েই তাঁকে কিনেছিল ক্লাব। কিন্তু গত দুই মরসুমেই চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হয়েছেন রোনাল্ডো। তাই তাঁর জন্য বছরে ২৮ মিলিয়ন ইউরো খরচ করতে নাকি সমস্যায় পড়েছে জুভেন্টাস। তাই রোনাল্ডোকে বিক্রি করতে চাইছে তারা।
এই খবর শুনিয়েছেন স্পেনের সাংবাদিক গুইলেম বালাগ। সংবাদসংস্তা বিবিসিকে তিনি জানিয়েছেন, রোনাল্ডোর খরচ চালাতে সমস্যা হচ্ছে জুভেন্টাসের। তাই তাঁরা চান সিআর সেভেনকে বিক্রি করতে। এই নিয়ে ইতিমধ্যেই নাকি তারা বার্সেলোনাকে প্রস্তাব দিয়েছে। বার্সার তরফে অবশ্য এখনও কিছু জানানো হয়নি।
এই খবর পাওয়ার পরেই ফুটবল দুনিয়ায় আলোড়ন, তবে কি এবার একসঙ্গে খেলতে দেখা যাবে মেসি ও রোনাল্ডোকে। অবশ্য বাস্তব বিচার করলে সেটা প্রায় অসম্ভব। কারণ এই সময় সব ক্লাবের আর্থিক অবস্থা খারাপ। মেসিরা নিজেরাই বেতনের একটা অংশ বাদ দিয়েছেন। এই অবস্থায় রোনাল্ডোকে নিয়ে হলে অনেক ফুটবলারকে বেচতে হবে ক্লাবকে। সেটা হওয়া অসম্ভব।
অন্যদিকে বার্সা ছাড়া পিএসজিকেও জুভেন্টাস প্রস্তাব পাঠিয়েছে বলে জানিয়েছেন বালাগ। এই ক্লাবের সামর্থ্য আছে। তবে এমনিতেই এই ক্লাবে উইঙ্গার হিসেবে ডি মারিয়া, নেমার, এমব্যাপেরা রয়েছেন। ফের একই পজিশনে রোনাল্ডোকে তারা নেবে কিনা নিশ্চিত নেই। প্রস্তাব পাঠানো হয়েছিল রোনাল্ডোর পুরনো ক্লাব রিয়েল মাদ্রিদকেও। তবে তারা আগ্রহ দেখায়নি বলেই জানিয়েছেন বালাগ।
জানা গিয়েছে, রোনাল্ডোর এজেন্ট জর্জ মেন্ডেসকে বলা হয়েছে ক্লাব খোঁজার জন্য। সেরকম হলে মেজর সকার লিগেও তাঁকে বিক্রি করতে রাজি জুভেন্টাস। কারণ এই লিগে বেকহ্যাম থেকে ইব্রাহিমোভিচের মতো তারকারা খেলেছেন। কিন্তু এখনও কোনও দিকেই কোনও চুক্তি ঠিক হয়নি। তবে চার বছরের চুক্তি শেষ হওয়ার আগেই যেভাবে রোনাল্ডোকে বিক্রি করতে মরিয়া হয়ে উঠেছে ইতালির ক্লাব, তাতে অন্য একটা গন্ধ পাচ্ছে ফুটবল মহল। কানাঘুঁষো শোনা যাচ্ছে, এবার রোনাল্ডোর জায়গায় মেসিকে প্রস্তাব দিতে পারে তারা। এমনিতেই ইতালির আর এক ক্লাব ইন্টার মিলান মেসিকে কিনতে আগ্রহী। আর জুভেন্টাসে মেসির দেশওয়ালি সতীর্থ ডিবালা খেলেন। তাই এই জুটিকে একসঙ্গে খেলাতে আগ্রহী হচ্ছে কি জুভেন্টাস? উত্তর অবশ্য সময়ই দেবে।