দ্য ওয়াল ব্যুরো: গোটা টুর্নামেন্টে ভালো খেলে সেমিফাইনালে হারতে হয়েছে নিউজিল্যান্ডের কাছে। যে দেশকে বিশ্বচ্যাম্পিয়ন দেখাচ্ছিল, সেই দেশেরই টপ অর্ডার ভেঙে পড়েছে তাসের ঘরের মতো। আর এই হারের পরেই শুরু হয়েছে ময়নাতদন্ত। শুধুই কি ব্যাটসম্যানদের ব্যর্থতা। নাকি দায় রয়েছে সাপোর্ট স্টাফদেরও। আর এই নিয়েই কোহলি, রবি শাস্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলছে প্রশাসনিক কমিটি। নেওয়া হতে পারে বেশ কিছু সিদ্ধান্ত।
এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে যুক্ত সাপোর্ট স্টাফদের চুক্তি রয়েছে আর ৪৫ দিন। তারপরে নতুন চুক্তি হওয়ার কথা। আর তার আগেই কিছু সিদ্ধান্ত নিতে পারে সিওএ। বোর্ডের এক কর্তার কথায়, বিনোদ রাই, ডায়না এডুলজি ও রবি থোড়গে বৈঠক করবেন। তাঁদের প্রধান প্রশ্ন হতে পারে দুটো। এক ) দল নির্বাচনে নির্বাচক প্রধানদের ভূমিকা। দুই ) ব্যাটিং কোচ হিসেবে সঞ্জয় বাঙ্গারের ভূমিকা।
এই মুহূর্তে ভারতের নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ। তিনি ছাড়া রয়েছেন দেবাং গান্ধী, শরণদীপ সিং, যতীন পরাঞ্জপে ও গগন খোডা। কিন্তু দল নির্বাচনের ক্ষেত্রে তাঁদের দক্ষতার উপর প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে সেমিফাইনালে মহেন্দ্র সিং ধোনির সাত নম্বরে নামা নিয়ে। টিম ইন্ডিয়ার অন্দরমহলের খবর, ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারই ধোনিকে সাত নম্বরে নামতে বলেছিলেন। কিন্তু সে ক্ষেত্রে হেড কোচ রবি শাস্ত্রী কিছু বললেন না কেন, তা নিয়েও উঠছে প্রশ্ন।
প্রশাসনিক কমিটির প্রধান বিনোদ রাই জানিয়েছেন, "টিম ফিরে এলে বিরাট কোহলি ও রবি শাস্ত্রীর সঙ্গে আমরা বসবো। এ ছাড়াও নির্বাচক কমিটির কাছেও কিছু প্রশ্ন রয়েছে। তারপরেই আগামী রুপরেখা তৈরি করব আমরা।" কিন্তু কী কী প্রশ্নের সম্মুখীন হতে হবে কোহলি-শাস্ত্রীকে? বোর্ডের অন্দরমহলে কিন্তু ঘুরছে বেশ কিছু প্রশ্ন।
রায়ুডুকে স্কোয়াডে রাখা অথচ পরিবর্ত হিসেবে না নিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠতে পারে। দলে তিন কিপার রাখা নিয়েও প্রশ্নের মুখে পড়তে পারেন শাস্ত্রী-কোহলি জুটি। সবথেকে বেশি প্রশ্ন হবে বাঙ্গারকে নিয়ে। বোলিং কোচ ভরত অরুণ, কিংবা ফিল্ডিং কোচ এম শ্রীধরকে নিয়ে প্রশ্ন হয়তো উঠবে না, কিন্তু বিশ্বকাপে ভারতের ব্যাটিং বিশেষ করে মিডল অর্ডারের দায় নিতে হবে বাঙ্গারকে। তিনি থাকা সত্ত্বেও অনেক ব্যাটসম্যান সমস্যা সমাধানে প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন বলে বোর্ড সূত্রে খবর।
বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে বিশেষ নির্বাচক কমিটির পরামর্শ না নেওয়ার জন্য কাঠগড়ায় নির্বাচক কমিটিও। শচীন তেণ্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণের এই কমিটির কাছে কোনও পরামর্শ চানও নি নির্বাচক প্রধানরা। অবশ্য অক্টোবরে এই কমিটির কার্যকাল শেষ হয়ে যাচ্ছে বলে হয়তো এখন কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। তবে ভারতের সাপোর্ট স্টাফদের ক্ষেত্রে বড়সড় বদল আনতে পারে প্রশাসনিক কমিটি।