দ্য ওয়াল ব্যুরো: ভালো কমেন্টেটর হলেই ভালো কোচ হওয়া যায় না। অস্ট্রেলিয়া সফরের আগেই টিম ইন্ডিয়ার হেড কোচের পদ থেকে রবি শাস্ত্রীকে সরিয়ে দেওয়ার দাবি জানালানে প্রাক্তন ভারতীয় ওপেনার চেতন চৌহান।
চৌহানের মতে, ইংল্যান্ডে ভারতের ১-৪ ব্যবধানে টেস্ট সিরিজ হারের দায় নেওয়া উচিত ভারতীয় কোচের৷ তিনি এও মনে করেন যে, শাস্ত্রী ভালো ধারাভাষ্যকার হলেও ভালো কোচ নন কখনই৷ ভালো কোচ হওয়ার কোনও গুন তাঁর নেই। দল ভালো হওয়ায় যেটুকু সাফল্য পাওয়ার তিনি পেয়েছেন। তাই তাঁকে কোচিং থেকে সরিয়ে কমেন্ট্রি করতে দেওয়াই উচিত৷
উত্তরপ্রদেশের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করা চেতন চৌহান রবিবার ক্রীড়া ভারতীর বৈঠকে এসে বলেন, ‘অস্ট্রেলিয়া সফরের আগেই রবি শাস্ত্রীকে ভারতীয় দলের কোচের পদ থেকে ছেঁটে ফেলা উচিত৷ রবি শাস্ত্রী একজন খুব ভালো ক্রিকেট ধারাভাষ্যকার এবং ওকে সেটাই করতে দেওয়া উচিত৷’ চৌহান আরও মনে করেন, ভারত ও ইংল্যান্ড, দু’টি দলই একই রকম শক্তিশালী ছিল৷ তাই ভারতের আরও ভালো ফল করা উচিত ছিল ইংল্যান্ড সফরে৷
সেইসঙ্গে বিরাট কোহলির বর্তমান দলকে ভারতের সেরা টেস্ট দল বলে মানতেও নারাজ এই প্রাক্তন ওপেনার। দিন কয়েক আগেই বিরাট কোহলির বর্তমান এই দলই বিদেশে সফরকারী সেরা ভারতীয় দল বলে মন্তব্য করেছিলেন রবি শাস্ত্রী। সেই পরিপ্রেক্ষিতেই এ দিন চেতন চৌহান বলেন, ‘আমি কখনই এমনটা মনে করি না৷ আমার মতে ১৯৮০’র ভারতীয় দলটাই ছিল সেরা সফরকারী দল৷’
১৯৬৯ সালের সেপ্টেম্বরে মুম্বইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করা চেতন চৌহান দেশের হয়ে ৪০টি টেস্ট খেলেছেন৷ টেস্টে ৩১.৫৭ গড়ে ২০৮৪ রান সংগ্রহ করেন তিনি৷ দেশের হয়ে ৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন তিনি৷ ১৯৮১ সালের মার্চে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধেই কেরিয়ারের শেষ টেস্টে মাঠে নামেন তিনি৷ সেটিই ছিল দেশের জার্সিতে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ৷ প্রথম শ্রেনির ম্যাচে এগারো হাজারের বেশি রান রয়েছে চেতনের ঝুলিতে৷