দ্য ওয়াল ব্যরো: ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড.......তিনটে সিরিজেই প্রথম ম্যাচে হারতে হয়েছে ভারতীয় দলকে। দুটি সিরিজ আগে হয়েছে। একটি চলছে। ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ হারার পরেও সিরিজ জিতেছিলেন কোহলিরা। সেই ছবিটা কি নিউজিল্যান্ডেও দেখা যাবে? ফের কি একবার পিছিয়ে থেকে সিরিজ পকেটে পুরতে পারবে ভারত?
গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে চেন্নাইতে হারতে হয়েছিল ভারতকে। ২৮৮ রান তুলেও ডিফেন্ড করতে পারেননি কোহলিরা। মনে হয়েছিল সিরিজ বুঝি হাতছাড়া হল। কিন্তু বিশাখাপত্তনমে দ্বিতীয় ম্যাচেই ফিরে আসে ভারত। রোহিত ও রাহুলের জুটির উপর ভর করে ৩৮৭ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। তৃতীয় ম্যাচে কটকে রান তাড়া করে চার উইকেটে জিতে সিরিজ জেতেন বিরাটরা।
চলতি বছরই ফের এই ছবি দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। প্রথম ওয়ান ডে ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়ার্নার ও ফিঞ্চের জোড়া সেঞ্চুরিতে ১০ উইকেটে লজ্জার হার হয়েছিল ভারতের। কিন্তু পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছিলেন কোহলিরা। রোহিত, কোহলি ও ধাওয়ানের ব্যাট ম্যাচ জিতে সিরিজের সমতা ফেরায় ভারত। শেষ ম্যাচে রোহিত শর্মা সেঞ্চুরি করে বেঙ্গালুরুতে জেতান। দুটি ক্ষেত্রেই পিছিয়ে থেকে ২-১ ফলে সিরিজ জেতে ভারত।
নিউজিল্যান্ডেও একই ছবি দেখা যাচ্ছে। প্রথম ম্যাচে হ্যামিলটনে ৩৪৭ রান তোলার পরেও হারতে হয়েছে ভারতকে। কেন উইলিয়ামসনকে ছাড়াই এই ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে হয়তো দলে ফিরবেন উইলিয়ামসন। তাতে আরও শক্তি বাড়বে কিউয়িদের। তাঁরা চাইবেন টি ২০ সিরিজে লজ্জার হারের বদলা নিতে। তাই বিষয়টা এতটা সহজ হবে না বিরাটদের জন্য।
আর একটা বিষয়, আগের দু'বার সিরিজ হয়েছিল ভারতে। কিন্তু এবার নিউজিল্যান্ডের মাঠে খেলতে হচ্ছে কোহলিদের। যদিও সমর্থনের দিক থেকে কোনও সমস্যা নেই, কিন্তু সমস্যা আছে অন্য জায়গায়। এই দেশে প্রথম ম্যাচ হারার পর ভারতের রেকর্ড ভাল নয়। নিউজিল্যান্ডে মাত্র দু'বার ওয়ান ডে সিরিজ জিতেছে ভারত। ২০০৮-০৯ সালে ও ২০১৯ সালে। এই দু'বারই সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল ভারত। বাকি প্রতিটি সিরিজে প্রথম ম্যাচে হেরে সিরিজ খোয়াতে হয়েছে।
আগামীকাল অকল্যান্ডে মুখোমুখি হচ্ছে দু'দল। একদিকে ভারতীয় দলে রোহিত শর্মার না থাকা ভারতকে ধাক্কা দিচ্ছে, অন্যদিকে কেন উইলিয়ামসন দলে ফিরলে আরও শক্তিশালী হবে নিউজিল্যান্ড। কিন্তু এই ধরনের পরিস্থিতিতেই একজন সত্যিকারের চ্যাম্পিয়নের আসল চেহারাটা দেখা যায়। এখন দেখার অকল্যান্ড জিতে বিরাট ব্রিগেড সিরিজের ফয়সালা শেষ ম্যাচে নিয়ে যেতে পারেন কিনা।