দ্য ওয়াল ব্যুরো : '# Me Too' বিতর্কের রেষ বিনোদনের জগত থেকে এ বার খেলার জগতে। আগের দিনই এক বিমান সেবিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুন রণতুঙ্গার দিকে। এ বার অভিযোগ উঠল শ্রীলঙ্কারই আরেক ক্রিকেটার লাসিথ মালিঙ্গার দিকে। দক্ষিণের গায়িকা চিন্ময়ী শ্রীপদা তাঁর টুইটারে এই অভিযোগ এনেছেন।
নিজের টুইটার অ্যাকাউন্টে এক অজ্ঞাত পরিচিয় মহিলার বয়ান টুইট করেছেন তিনি। বয়ানে অবশ্য কোনও ক্রিকেটারের নাম উল্লেখ করা নেই। তার বদলে একজন খুব বিখ্যাত শ্রীলঙ্কার ক্রিকেটার হিসেবে অভিযুক্তকে উল্লেখ করা আছে। সেই বয়ানটির একটি স্ক্রিনশট নিয়ে সেটি টুইট করেছেন চিন্ময়ী শ্রীপদা। টুইটটির উপরে তিনি লিখেছেন 'ক্রিকেটার লাসিথ মালিঙ্গা।'
https://twitter.com/Chinmayi/status/1050302690708750339
বয়ানে আইপিএলের সময় মুম্বইয়ের একটি হোটেলে ওই মহিলার শ্লীলতাহানি হয়েছিল বলে উল্লেখ করা আছে সেই টুইটে। বিস্তারিতভাবে ঘটনার বিবরণ দেওয়া রয়েছে সেখানে। বয়ানে ওই মহিলা বলেছেন, '' কয়েক বছর আগে মুম্বইয়ে আমার সঙ্গে একটা জঘন্য ঘটনা ঘটেছিল। আমরা মুম্বইয়ে এক হোটেলে ছিলাম। সেখানে আমার বান্ধবীকে খুঁজছিলাম। এমন সময় বিখ্যাত এক শ্রীলঙ্কান ক্রিকেটারের সঙ্গে হোটেলের লনে দেখা হয়। তখন আইপিএল চলছিল। তিনি আমাকে বলেন, আমার বান্ধবী নাকি তার রুমেই আছে। আমি বান্ধবীর খোঁজে তাঁর রুমে যাই। কিন্তু সেখানে আমার বান্ধবী ছিল না। সেই ক্রিকেটার তখন আচমকাই আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেন। তার পর আমার উপর চড়ে বসেন। আমি বেশ লম্বা এবং স্বাস্থ্যবতী হওয়া সত্বেও ওর সঙ্গে গায়ের জোরে পেরে উঠছিলাম না। ভয়ে, লজ্জায় আমি মুখ ও চোখ বন্ধ করে ফেলি। এমন সময় রুম সার্ভিস বয় এসে দরজায় নক করে। ক্রিকেটার দরজা খুলতে চলে যায়। আমি তাড়াতাড়ি বাথরুমে গিয়ে মুখ ধুয়ে নিই এবং হোটেল কর্মচারী বের হওয়ার সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে যাই। ভয়ংকর অপমানিত বোধ করছিলাম আমি। জানি কিছু মানুষ এখন বলবে, আমি জেনে বুঝেই সেই রুমে গিয়েছি। কেউ বলবে, আমার সঙ্গে এর চেয়েও ভয়ংকর কিছু হওয়া উচিত ছিল।''
যদিও এই অভিযোগের ব্যাপারে লঙ্কান পেসারের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে যেভাবে একের পর এক ঘটনা বেরিয়ে আসছে তাতে পছন্দের অভিনেতা, গায়ক থেকে শুরু করে খেলোয়াড়দের ব্যাপারে রীতিমতো হতবাক হয়ে যাচ্ছেন ফ্যানেরা। সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।