
নীতু সরকার
শেষ আপডেট: 15 April 2025 19:50
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্লাব ফুটবলের উন্নতি হচ্ছে দেশের ফুটবলের নিম্ন মানের জন্য। এমনটাই মনে করছেন ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার (নীতু) (Debabrata Sarkar)। তিনি এদিন বলেন, ‘অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) দেশের ফুটবল নিয়ে ভাবা উচিত। দেশের ফুটবলের মান যত উন্নত হবে, তত ক্লাবগুলির পারফরম্যান্স উন্নত হবে, ইনভেস্টার আসবে, কর্পোরট ঢুকবে। হয়তো আর্থিক কারণেই ভারতের ফুটবল নিম্নগামী হচ্ছে। এই বিষয় নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে ভাবতে হবে।’
পাশাপাশি নীতু এদিন ভারতীয় মহিলা ফুটবল (India Female Team) নিয়েও বলেছেন। তিনি বলেন, ‘আইএসএল চ্যাম্পিয়ান হলে অবশ্যই সেই দলকে স্যালুট করা উচিত। সাংবাদিকরা সেই দলকে নিয়ে প্রচার করবেই। কিন্তু কোনও মহিলা দল চ্যাম্পিয়ন হলে তো সেটা হয় না। তাদের প্রচার কই। ভারতের মহিলা দল তো ফিফার তালিকায় ভারতের উপরে। তাহলে মহিলারা খেলবে কেন। আমরা আশা করব আমাদের মহিলা দলকে নিয়ে প্রচার করা হবে। আমাদের দল বিদেশে খেলতে যাচ্ছে, দেশের প্রতিনিধিত্ব করছে বিদেশের মাটিতে। এটা তো বড় সাফল্য। তবে ইস্টবেঙ্গলের মহিলা দল বিদেশে যাচ্ছে, বিষয়টি সেরকম নয়, আসল ব্যাপার হল দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। এরকমই মানসিকতা আমাদের হওয়া উচিত। আমাদের মোট ছ’টা টিম রয়েছে। কিন্তু তারা খেলবে কোথায়। পর্যাপ্ত টুর্নামেন্ট নেই। এখানে বিষয়ে এভাবে বিষোদ্গার করে লাভ নেই। বরং তাদের পাশে দাঁড়ানো দরকার।’
ইস্টবেঙ্গল ক্লাব সম্পর্কে বলতে গিয়ে দেবব্রত সরকার বলেন, ১০০ বছরেরও আগে যখন আমাদের ক্লাব প্রতিষ্ঠা হয়েছিল তখন রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, সিআর দাশ, আশুতোষ মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা আমাদের ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। তখন থেকেই আমারা স্ট্রাগল করছি, এখনও করছি। আশা করছি আমরা দ্রুত ফিরব। সম্প্রতি আমরা ইনভেস্টরের (Investor) সঙ্গে বৈঠক করেছি। আদিত্যজি পরিষ্কার বলেছেন, এবার আমাদের চ্যাম্পিয়ন হতেই হবে। সেই মিটিংয়ে বলা হয়েছে, পয়সা খরচ করছি কিন্তু সাফল্য আসছে না। দরকার হলে আরও পয়সা ঢালা হবে। লক্ষ্য একটাই চ্যাম্পিয়ন হওয়া। আমি সভ্য-সমর্থকদের একটাই বার্তা দিতে চাই এই শুভদিনে, আপনারা পাশে থাকুন, আমাদের জন্য প্রার্থনা করুন।’
কোচ অস্কার ব্রুজো ও ক্লেটন সিলভার মধ্যে বিতর্ক নিয়ে নীতু বলেন, কোচ-ফুটবলারের মধ্যে দ্বন্দ্ব থাকবেই। আগেও ছিল। এর ফলে ফুটবলারের মধ্যে ভাল খেলার জেদ বেড়ে যায়। তবে দেখতে হবে বিষয়টি যেন বেশিদূর না গড়ায়।