Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডায়মন্ড লিগে ওয়েবারের ঝলকে ম্রিয়মাণ নীরজ, শেষ চেষ্টায় রুপো জিতেই সন্তুষ্টি

চোট সামলে ফেরা জ্যাভলিন তারকা জানেন, প্রতিটি আসরই শেষ পর্যন্ত ধৈর্য, শারীরিক ছন্দ আর মানসিক দৃঢ়তার পরীক্ষা নেয়। জুরিখের ম্রিয়মাণ রাত তাঁর কাছে কেবল ব্যতিক্রম, অশতি সংকেত নয়। 

ডায়মন্ড লিগে ওয়েবারের ঝলকে ম্রিয়মাণ নীরজ, শেষ চেষ্টায় রুপো জিতেই সন্তুষ্টি

নীরজ চোপড়া

রূপক মিশ্র

শেষ আপডেট: 29 August 2025 11:45

দ্য ওয়াল ব্যুরো: ডায়মন্ড লিগের (Diamond League) মঞ্চে বৃহস্পতিবার রাতের ছবিটা ছিল একতরফা। জার্মান জ্যাভলিনার জুলিয়ান ওয়েবার (Julian Weber) দু’বার ছুঁলেন ৯০ মিটারের গণ্ডি। সেরার আসনও রইল তাঁরই দখলে। যদিও ভারতীয় তারকা নীরজ চোপড়া (Neeraj Chopra) শেষ পর্যন্ত খালি হাতে ফিরলেন না। শেষ রাউন্ডের ৮৫.০১ মিটার থ্রো তাঁকে দ্বিতীয় স্থানে তুলে আনল। টানা দ্বিতীয় বছরও ফাইনালে শীর্ষে উঠতে না পারলেও নিজের টপ–টু স্ট্রিক অটুট রাখলেন অলিম্পিক চ্যাম্পিয়ন। জিতলেন রুপো।

তবে আর সবাইকে ম্লান করে স্বমহিমায় ধরা দিলেন ওয়েবার। মাথায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নের তাজ উঠলেও বড় মঞ্চে—বিশ্বকাপ বা অলিম্পিক্সে—সাফল্য অধরাই ছিল। সেন্ট লুইস নয়, জুরিখেই যেন নিজের সেরা ফর্মে হাজির হলেন। প্রথম থ্রোতেই ছুড়লেন ৯১.৩৭ মিটার। ব্যক্তিগত সেরা। দ্বিতীয় প্রচেষ্টা আরও দুরন্ত—৯১.৫১ মিটার! চলতি মরশুমে এটিই সেরা থ্রো। তাঁর শেষ দিকের ৮৮.৬৬ মিটারও প্রতিযোগীদের নাগালের বাইরে। পুরো আসরেই কার্যত দাপট দেখালেন ওয়েবার।

অন্যদিকে নীরজ তাঁর প্রথম চেষ্টায় থামলেন ৮৪.৩৫ মিটারে। শরীরী ভাষাই বলছিল, খুশি নন। দ্বিতীয় প্রচেষ্টা আরও খারাপ—৮২ মিটার। টানা তিনটি ফাউলে চাপে পড়ে যান। এদিকে ত্রিনিদাদ ও টোবাগোর কেশর্ন ওয়ালকট (Keshorn Walcott) ৮৪.৯৫ মিটারে উঠে আসেন দ্বিতীয় স্থানে। শেষ রাউন্ডে চাপ তৈরি হয়। কিন্তু নীরজ রইলেন নীরজেই। মেপে নিলেন রান–আপ। দৌড়ে এলেন। তারপর ছোড়া জ্যাভলিন উড়ে গিয়ে পড়ল ৮৫.০১ মিটার দূরে। ওয়ালকটকে টপকে রুপো জিতলেন।

ম্যাচ শেষে নীরজের খোলামেলা স্বীকারোক্তি, ‘আজকের দিনটা কঠিন ছিল। তবুও শেষ থ্রোয়ে ৮৫ মিটার পেরোলাম। রান–আপে সমস্যা হচ্ছিল। সময়ের হিসেবও ঠিক পাচ্ছিলাম না। কিছু একটা যেন আজ মিলল না। তবে সামনে তিন সপ্তাহ রয়েছে। বিশ্বচ্যাম্পিয়নশিপে নিজের সেরাটা উজাড় করে দেব!’

নীরজের জন্য এই প্রতিযোগিতা ছিল কামব্যাকের মঞ্চ। জুলাইয়ে নিজের নামে আয়োজন করা আসরের পর এই প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে নেমেছেন। সিলেসিয়া ডায়মন্ড লিগ কিংবা ব্রাসেলস এড়িয়ে যান। ব্রাসেলসেই ওয়েবার ছুড়েছিলেন ৮৯.৬৫ মিটার। যে কারণে টোকিয়োয় বিশ্বচ্যাম্পিয়নশিপ তাঁর কাছে কড়া পরীক্ষা হতে চলেছে।

২০২২ সালে প্রথম ভারতীয় হিসেবে ডায়মন্ড লিগ জেতার পর টানা দু’বছরে ট্রফি হাতছাড়া। তবে আতঙ্কের কিছু নেই। দোহায় ৯০.২৩ মিটার ছোঁয়ার পর প্যারিস লিগে ৮৮.১৬ মিটার। কোচ ইয়ান জেলেজনির তত্ত্বাবধানে পুরনো-নতুন টেকনিক মিলিয়ে কাজ করছেন। নীরজের স্বীকারোক্তি, ‘অনুশীলনে নতুন কৌশল কাজে দিচ্ছে। প্রতিযোগিতায় পুরোটা প্রয়োগ করতে পারলে দুর্দান্ত ফল আসবে!’

চোট সামলে ফেরা জ্যাভলিন তারকা জানেন, প্রতিটি আসরই শেষ পর্যন্ত ধৈর্য, শারীরিক ছন্দ আর মানসিক দৃঢ়তার পরীক্ষা নেয়। জুরিখের ম্রিয়মাণ রাত তাঁর কাছে কেবল ব্যতিক্রম, অশতি সংকেত নয়। বিশ্বচ্যাম্পিয়নশিপের আগে হয়তো এই শিক্ষাই তাঁকে আরও উজ্জ্বল করে তুলবে।


```