খারাপ ফলের পরেও কোনও অজুহাত নয়, প্রকাশ্য অভিযোগ নয়। পারফরম্যান্স যেমনই হোক, দায় নিজের কাঁধে—এটাই তাঁর পরিচিত স্বভাব বলে মনে করছে ফেডারেশন।

নীরজ চোপড়া
শেষ আপডেট: 4 January 2026 15:15
দ্য ওয়াল ব্যুরো: আপাতত প্রতিযোগিতা থেকে দূরে। লক্ষ্য একটাই—শরীর, ফিটনেস ঠিক করা। ভারতের তারকা জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra) এই মুহূর্তে চোট সারানোর দিকে সমস্ত মনোযোগ দিচ্ছেন। অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়ার (Athletics Federation of India) তরফে স্পষ্ট জানানো হয়েছে, এশিয়ান গেমসের আগে নীরজের ক্ষেত্রে কোনও ঝুঁকি নেওয়া হবে না।
টোকিওর ব্যর্থতার নেপথ্যে কী?
নীরজের সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছিল বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ (World Athletics Championships) শেষে। টোকিওতে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় তিনি পদকের ধারেকাছেও যেতে পারেননি। ১২ জনের ফিল্ডে অষ্টম স্থানে শেষ করেন। প্রথম তিনটি থ্রোর পরই ছিটকে যান প্রতিযোগিতা থেকে। সেরা থ্রো ছিল ৮৪.০৩ মিটার—যা তাঁর মরশুমের সেরা ৯০.২৩ মিটারের তুলনায় অনেকটাই কম।
অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া-র মুখপাত্র আদিল সুমারিওয়ালা (Adille Sumariwalla) জানিয়েছেন, ওই ব্যর্থতার মূল কারণ জোড়া চোট। প্রতিযোগিতার ঠিক আগে নীরজের শরীরে দু’টি আলাদা জায়গায় সমস্যা তৈরি হয়েছিল। তা সত্ত্বেও তিনি চ্যাম্পিয়নশিপে নামার সিদ্ধান্ত নেন। সুমারিওয়াল্লার কথায়, ‘ও বিশ্রামে আছে। চোট সারানোর প্রক্রিয়াতেই এখন ফোকাস। আগে দু’টো চোট ছিল। উদ্বোধনী প্রতিযোগিতা বা কোনও ইভেন্ট নিয়ে এখন ভাবার সময় নয়!’
চোট নিয়েও নামার সিদ্ধান্ত, কোনও অজুহাত নয়
এএফআই কর্তারা নীরজকে বিশ্ব চ্যাম্পিয়নশিপে না খেলানোর পক্ষে ছিলেন। কিন্তু নীরজ নিজেই মাঠে নামতে চান। সুমারিওয়ালা জানিয়েছেন, ‘আমরা ওকে বলেছিলাম, খেলো না। কিন্তু ও বলেছিল, “স্যার, চেষ্টা করব।”খেলতে নেমে কখনও বলেনি, যে চোটের জন্য পারফরম্যান্স হয়নি।’
এই মনোভাবটাই নীরজকে আলাদা করে। খারাপ ফলের পরেও কোনও অজুহাত নয়, প্রকাশ্য অভিযোগ নয়। পারফরম্যান্স যেমনই হোক, দায় নিজের কাঁধে—এটাই তাঁর পরিচিত স্বভাব বলে মনে করছে ফেডারেশন।
এশিয়ান গেমসের প্রস্তুতি ও বিশেষ ছাড়
চলতি বছর জাপানে হতে চলেছে এশিয়ান গেমস (Asian Games)। সেই প্রতিযোগিতার যোগ্যতা অর্জনের জন্য এএফআই ইতিমধ্যেই মানদণ্ড পেশ করেছে। নিয়ম অনুযায়ী, নির্বাচনের জন্য অ্যাথলেটদের রাজ্যস্তরের মিট বা ফেডারেশন আয়োজিত অন্তত দু’টি প্রতিযোগিতায় অংশ নিতে হবে। ব্যতিক্রমের জন্য আলাদা অনুমতি প্রয়োজন।
এই নিয়মে একমাত্র ছাড় পাচ্ছেন নীরজ চোপড়া। তাঁকে ঘরোয়া প্রতিযোগিতায় না খেলেও সরাসরি এশিয়ান গেমসের জন্য বিবেচনা করা হবে। জুলাই ৮ থেকে ১২ ভুবনেশ্বরে জাতীয় আন্তঃরাজ্য সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ শেষ বড় ইভেন্ট হলেও, নীরজ সেখানে নামবেন কি না—তা পুরোপুরি নির্ভর করবে তাঁর শারীরিক অবস্থার উপর।
যদিও এএফআইয়ের অবস্থান পরিষ্কার। এশিয়ান গেমসই মূল লক্ষ্য। তার আগে কোনও তাড়াহুড়ো নয়। পুনর্বাসন, ফিটনেস আর পূর্ণ প্রস্তুতি—এই তিনের বাইরে আপাতত নীরজ চোপড়ার সূচিতে আর কিছু নেই।