
নীরজ চোপড়া ও আর্শাদ নাদিম।
শেষ আপডেট: 16 August 2024 16:00
দ্য ওয়াল ব্যুরো: অলিম্পিক্সের সাফল্যের কাছে কোনওকিছুই আসে না। অলিম্পিক্সের পদক যে কোনও অ্যাথলিটের কাছে মহার্ঘ। সেই কারণেই পাকিস্তানের সোনা জয়ী জ্যাভলিন তারকা আর্শাদ নাদিম ও ভারতের নীরজ চোপড়াকে বিরল সম্মান জানানো হচ্ছে। তাঁদের ক্রিকেটে স্বাগত জানানো হয়েছে।
জ্যাভলিনে অলিম্পিক্স রেকর্ড গড়ে সোনা পেয়েছেন নাদিম। তিনি ৯২.৯৭ মিটার ছুড়ে সোনা জিতেছেন। ভারতের সোনার ছেলে নীরজ ৮৯.৪৫ মিটার ছুড়ে দ্বিতীয় হয়ে রুপো জেতেন। নীরজের চোট ভুগিয়েছিল প্যারিসের ফাইনাল ইভেন্টের আগে। যে কারণে দেশের নামী তারকা দেশে না ফিরে জার্মানি চলে গিয়েছেন চোট সারাতে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বলেছেন, ‘‘নীরজের চোটের ক্ষেত্রে সমস্যা হলে তিনি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দিয়ে চোটের স্থানে রিহ্যাব করতে পারেন।’’ সচিব বলেছেন, ‘‘নীরজ ভারতের গর্ব। সেই কারণে তাঁকে সারিয়ে তোলার দায়িত্ব আমাদেরও। নীরজ যদি মনে করেন, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এসে প্রস্তুতি সারবেন, তা হলে তাঁকে স্বাগত।’’
ভারতে যেমন নীরজ, তেমনি পাকিস্তানে দেশে ফেরার পর থেকে অভ্যর্থনা পাচ্ছেন নাদিম। তিনি পাকিস্তানের গর্ব, সরকার ইতিমধ্যেই ১০ কোটি টাকা আর্থিক পুরস্কার দিয়েছে। শুধু তাই নয়, পাকিস্তানের টেস্ট দলের কোচ জেসন গিলেসপি বলেছেন, পাকিস্তান ড্রেসিংরুমে নাদিমকে আমরা স্বাগত জানাতে চাই। কারণ নাদিম সর্বোচ্চ পর্যায়ের মঞ্চে সফলই হননি, পাশাপাশি রেকর্ড গড়েছেন। তিনি তাঁর অভিজ্ঞতা ক্রিকেটারদের মধ্যে ভাগ করে নিলে দেশের ক্রিকেটাররা উপকৃত হবেন।’’
শুধু তাই নয়, গিলেসপি এও জানিয়েছেন, ‘‘নাদিম জানেন চাপ কাটিয়ে কীভাবে সাফল্য পেতে হয়। তাই তাঁকে আমরা ড্রেসিংরুমে এনে সম্মান দেওয়ার প্রস্তাব দেব।’’