2.png)
আরশাদ নাদিম
শেষ আপডেট: 24 April 2025 17:13
দ্য ওয়াল ব্যুরো: ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra)। অলিম্পিক্সে (Olympics) জোড়া পদক রয়েছে তাঁর। একটি সোনা (Gold) ও একটি রুপো (Silver)। এই কৃতিত্ব আর কোনও ভারতীয় অ্যাথলিটের নেই। পাশাপাশি বিশ্ব খেতাবও রয়েছে এই ভারতীয় জ্যাভলারের ঝুলিতে। এবার তাঁকে নিয়ে ভারতের মাটিতে বসতে চলেছে জ্যাভলিনের (Javelin) মেগা ইভেন্ট। ২৪ মে শুরু হবে ‘নীরজ চোপড়া ক্লাসিক’ (Neeraj Chopra Classic)। প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা জেএসডব্লিউ স্পোর্টস। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে (Bengaluru Kantirava Stadium)।
‘নীরজ চোপড়া ক্লাসিক’এ আমন্ত্রণ জানানো হয়েছিল পাকিস্তানের (Pakistan) জ্যাভালার আরশাদ নাদিমকে (Arshad Nadeem)। নীরজ নিজেই এই আমন্ত্রণ জানিয়েছেন। আসলে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে (Track & Field) তাঁরা চরম প্রতিপক্ষ হলেও মাঠের বাইরে ঘনিষ্ঠ বন্ধু। প্যারিস অলিম্পিক্সে নীরজকে টপকে সোনা জিতেছিলেন নাদিম। ভারতীয় জ্যাভলার জিতেছিলেন রুপো।
কিন্তু ভক্তদের হতাশ করে নাদিম জানিয়েছেন, তিনি নীরজের আমন্ত্রণ রক্ষা করতে পারছেন না। কারণ সামনেই রয়েছে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। আর তিনি এখন এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য প্রশিক্ষণে ব্যস্ত।
পিটিআই সূত্রে জানা গিয়েছে, নাদিম নীরজের আমন্ত্রণের জন্য কৃতজ্ঞ, তবে তিনি আসন্ন এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য প্রশিক্ষণ নিয়ে ব্যস্ত, যা ২৭-৩১ মে অনুষ্ঠিত হবে। জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক পহেলগাম সন্ত্রাসী হামলার পরে নাদিমের এই সিদ্ধান্ত আসায় ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে।
আমন্ত্রণ প্রত্যাখ্যানের বিষয়ে নাদিম বলেন, “এনসি ক্লাসিক ইভেন্টটি ২৪ মে হবে। কিন্তু আমার এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য ২২ মে কোরিয়া যাওয়ার কথা রয়েছে।”
এর আগে, নীরজ বলেছিলেন, “আরশাদের সঙ্গে ইতিমধ্যেই আমার কথা হয়েছে। ও জানিয়েছে, কোচের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে। আপাতত বেশ কিছু শীর্ষ জ্যাভলারকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও এর মধ্যে সরকারি বিষয়ও রয়েছে। সবকিছু ঠিকঠাক হয়ে গেলেই চূড়ান্ত তালিকা জানিয়ে দেব।”
নাদিম বর্তমানে অলিম্পিক্স এবং সিডব্লিউজি চ্যাম্পিয়ন। পাশাপাশি তিনি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের রুপো বিজয়ী। প্যারিস অলিম্পিক্সে তাঁর ৯২.৯৭ থ্রো অলিম্পিক্স এবং এশিয়ান রেকর্ড। এটি ছিল জ্যাভলিনের ইতিহাসে ষষ্ঠ দীর্ঘতম থ্রো।