প্রথমবার ইএ স্পোর্টসের সাউন্ডট্র্যাকে জায়গা পেল বাংলা গান। ‘কী করি’ ভাঙল সমস্ত আগল, বিশ্বমঞ্চে ইতিহাস গড়ল বাংলা সঙ্গীত।

সংগৃহীত ছবি
শেষ আপডেট: 17 September 2025 21:32
দ্য ওয়াল ব্যুরো: গেমিং দুনিয়ার ইতিহাসে এক নতুন মাইলফলক ছুঁল বাংলা গান। প্রথমবার ইএ স্পোর্টসের (EA Sports) জনপ্রিয় ভিডিও গেম সিরিজ EA FC 26-এর সাউন্ডট্র্যাকে জায়গা পেল বাংলা গান ‘কী করি’ (Ki Kori)। গেয়েছেন মামজি স্ট্রেঞ্জার (Mumzy Stranger) ও মুজা (Muza)। সঙ্গতে দেসি ট্রিলের (Desi Trill) টিমও।
এতদিন ফিফা–সিরিজ হোক বা এএফসি ফ্র্যাঞ্চাইজি—সাউন্ডট্র্যাকে বিভিন্ন দেশের নামী শিল্পীরা জায়গা পেয়েছেন, কিন্তু বাংলা গান এই প্রথম। ২৬ সেপ্টেম্বর ২০২৫ লঞ্চ হতে চলা EA FC 26-এ মোট ১০৯টি গান থাকছে, যার মধ্যে বিশেষ মর্যাদা পাচ্ছে ‘কী করি’।
আনন্দ লুকোতে পারেননি মামজি। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এটা আমার জীবনের বিশাল মুহূর্ত। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারছি বলে গর্বিত। বিশ্বের সবচেয়ে বড় গেমিং ফ্র্যাঞ্চাইজির মঞ্চে আমাদের সংগীত তুলে ধরতে পারব ভাবিনি!’ একই আবেগ উছলে পড়েছে মুজার গলাতেও। বলেছেন, ‘এই গেম খেলেই বড় হয়েছি। কোনওদিন ভাবিনি নিজের ভাষাকে এখানে শুনব। এখন নিজেই এর অংশ হতে পারছি, যা স্বপ্নপূরণের থেকেও বেশি।’
গানে মিলেছে আরঅ্যান্ডবি বা রিদম অ্যান্ড ব্লুস (R&B), দক্ষিণ এশিয়ার সুর আর আধুনিক গমক। ভালোবাসার আকুতি আর প্রত্যাখ্যানের ভয়—এই দ্বন্দ্বকেই গানে ফুটিয়েছেন শিল্পীরা।
শুধু মামজি বা মুজাই নন, এএফসি ২৬–এর সাউন্ডট্র্যাকে জায়গা পেয়েছেন আরও দক্ষিণ এশীয় শিল্পী। বাংলাদেশি বংশোদ্ভূত জয় ক্রুকস (Joy Crookes) জ্বলজ্বল করছেন ‘Fade Your Heart’ গান নিয়ে। ফিরেছেন ডিজে স্যামি ভিরজি (DJ Sammy Virji), যিনি স্কেপটার সঙ্গে বানিয়েছেন ‘কপস অ্যান্ড রবার্স’ (‘Cops & Robbers’)। পাঞ্জাবি বংশোদ্ভূত র্যাফ-সাপেরা (Raf-Saperra)-র ‘Ni Billo’–ও তালিকায় জায়গা করে নিয়েছে।
ইএ–র প্রেসিডেন্ট অফ মিউজিক স্টিভ স্নুরের কথায়, ‘দুই দশকেরও বেশি সময় ধরে ইএ স্পোর্টস নতুন সঙ্গীত আর শিল্পীদের বিশ্বের কোটি মানুষকে চিনিয়েছে। এবারের এফসি ২৬ সাউন্ডট্র্যাক আমাদের কমিউনিটির বহুস্বর আর বৈচিত্র্যকে তুলে ধরেছে।’
সব মিলিয়ে, ‘কী করি’ কেবল গান নয়—বাংলা সংগীতের গ্লোবাল মঞ্চে পদচিহ্ন। গেম কনসোলের পর্দা পেরিয়ে এই সুর এখন পৌঁছবে কোটি কোটি মানুষের কানে। মামজি–মুজার কণ্ঠে বাংলা এবার সত্যিই ভেঙে দিল যুগান্তরের আগল।