
কর্বিন বশ
শেষ আপডেট: 17 March 2025 15:02
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের নিলামে কোনও দলে জায়গা পাননি। তাই পাকিস্তানের সুপার লিগ (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমিতে যোগ দেন দক্ষিণ আফ্রিকার পেসার কর্বিন বশ। এবার মরশুম শুরুর আগে ফের পাকিস্তান ছেড়ে ভারতের পথে তিনি। তার জন্য চুক্তি ভেঙে বেরিয়ে এসেছেন বশ। যে কারণে তরুণ পেসার ও তাঁর এজেন্টকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে পাক ক্রিকেট বোর্ড।
বিশেষজ্ঞদের মতে, এক্ষেত্রে ভারতের সঙ্গে টক্কর দেওয়ারই মাশুল গুনল পিসিবি। তার কারণ, এর আগে আইপিএলের আগে-পিছে পিএসএলের সমস্ত ম্যাচের সূচি নির্ধারিত হত। ফলে দু’দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে চান এমন অনেক তারকার কোনও অসুবিধা হত না। দু’দেশের মাঠে নেমে পড়তেন তাঁরা। কিন্তু এ বছর আইপিএলের সঙ্গে পাল্লা দিতে একই দিনে বেশ কিছু ম্যাচ ফেলেছে পিএসএল কর্তৃপক্ষ। ফলে ক্রিকেটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
এমনিতে পাকিস্তান সুপার লিগের চেয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সারা বিশ্বের ক্রিকেটারদের কাছে বেশি আকর্ষণীয়। টাকার অংক একটা কারণ। তা ছাড়া আইপিএলে খেললে আরও বেশি করে দুনিয়ার নজরে আসা যায়। ফলে তরুণ ক্রিকেটারদের বড় অংশ পাকিস্তানের বদলে ভারতকেই পছন্দের গন্তব্য হিসেবে বেছে নেন। যারা সুযোগ পান না, তাঁরাই চলে যান পড়শি মুলুকে। কর্বিন বশও তাঁদেরই দলে। নিলামে এ বছর অবিক্রীত ছিলেন। তাই পিএসএলের পেশোয়ার টিমের হয়ে নাম লেখান।
কিন্তু সম্প্রতি তাঁকে ডেকে পাঠায় পাঁচ বার আইপিএল জয়ী মুম্বই ইন্ডিয়ান্স। চোটের জন্য বাদ পড়া লিজাদ উইলিয়ামসের বদলি হিসেবে তাঁকে সই করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রস্তাব হাতে আসতেই পেশোয়ার জালমির সঙ্গে ডায়মন্ড ক্যাটাগরিতে চুক্তিবদ্ধ বশ শর্ত অমান্য করার সিদ্ধান্ত নেন। প্রসঙ্গত, মার্চের গোড়াতেই দক্ষিণ আফ্রিকার পেসারকে বদলি হিসেবে ফিরিয়ে আনার কথা ঘোষণা করেছিল মুম্বই ইন্ডিয়ান্স।
এই প্রেক্ষিতে বোলার ও তাঁর এজেন্টকে চিঠি ধরিয়েছে পিএসএল বোর্ড। কী কারণে পেশাগত চুক্তি অগ্রাহ্য করলেন তিনি, তার কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব এলে ভাল। নয়তো পাক ক্রিকেট বোর্ড আইনানুগ ব্যবস্থা নেবে বলে সূত্রের খবর।