
এমএস ধোনি
শেষ আপডেট: 26 March 2025 15:15
দ্য ওয়াল ব্যুরো: একসময়ের সহযোদ্ধা যাঁরা, সতীর্থ যাঁরা, তাঁদের অনেকে হয় অবসর-বিশ্রামে গিয়েছেন, নয়তো কোনও না কোনও দলের কোচ কিংবা মেন্টরের কুর্সিতে বসেছেন।
মহেন্দ্র সিং ধোনি কিন্তু এখনও সচল, সক্রিয়।
আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন। ৫ বছর হয়ে গেল। কিন্তু আইপিএলে এবারও হলুদ জার্সি গায়ে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নেমেছেন মাহি। এই নিয়ে আঠারোতম বার। ব্যাট হাতে নামছেন সাত কি আট নম্বর। মুখে বলছেন, নিজেকে ক্রিকেটে ‘প্রাসঙ্গিক’ রাখতেই আইপিএল খেলছেন, প্র্যাকটিস করছেন। যদিও মাঠে নেমে সেকন্ডেরও ভগ্নাংশে স্ট্যাম্প আউট করছেন সূর্যকুমার যাদবের মতো তরুণ ব্যাটসম্যানকে।
আর এই নিয়েই প্রশ্ন করা হয়েছিল ধোনিকে। জিওহটস্টারে সম্প্রচারিত একটি ইন্টারভিউতে সওয়াল ছিল: গত মরশুমে গুজরাত টাইটানসের বিরুদ্ধে ঝাঁপিয়ে নেওয়া ক্যাচটির গোপন রহস্য ঠিক কী? প্রশ্নের পাশাপাশি ধোনিকে সেই ক্যাচের ক্লিপও দেখানো হয়। একঝলক দেখে তিনি বলেন, ‘এটা আসলে ভাগ্যের জোরে ধরে ফেলেছি। ভাল করে দেখলে মনে হবে এক বস্তা চাল যেন ট্রাকের পেছন থেকে পড়ে গেল। আসলে মোদ্দা কথা হচ্ছে, কোনও ক্যাচ দু’হাত দিয়ে নেওয়ার সুযোগ থাকলে আমি সেটা দু’হাতেই নিয়ে থাকি।‘
দৃষ্টিনন্দন করতে কিংবা অনুরাগীদের মন জিততে কিংবা নিন্দুকদেরও তাক লাগাতে এক হাতে ক্যাচ নেওয়া যে তাঁর নাপসন্দ—সেটা বুঝিয়ে দিয়েছেন ধোনি। প্রথমে সবকিছু সুনিশ্চিত করা, তারপর নজর কাড়া। এই মন্ত্রেই এতদিন ক্রিকেট খেলেছেন। দাবি ধোনির। বলেছেন, ‘এভাবে কন্ট্রিবিউট করতে পারলে ভালই লাগে। কিন্তু সত্যি বলতে আমি ডাইভ দিয়ে চোখধাঁধানো ক্যাচ, খুব ভাল ক্যাচ, এক হাতে নেওয়া ক্যাচ কিছুই নিই না। আমি সেফ খেলতে চাই। আর এভাবেই সবকিছু এগিয়ে নিয়ে যেতে চাই।‘
নিজের ক্ষমতা ও প্রতিভা সম্পর্কে তাঁর মূল্যায়ণ—‘যদি উইকেটকিপিং না করি, তাহলে আমি মাঠে একেবারে অকর্মণ্য। তবে উইকেটের পেছনে দাঁড়িয়েই আমি সবচেয়ে বেশি স্বচ্ছন্দ। সেখান থেকেই খেলাটাকে সবচেয়ে ভালভাবে বিচার করা যায়। যদি ক্রিকেটের সঙ্গে নিবিড়ভাবে জুড়ে থাকতে চাই, সমস্ত কোণ থেকে, কীভাবে বোলার বল করছে, পিচ কীভাবে বদলে যাচ্ছে—সবকিছু সেখান থেকে ভালভাবে দেখতে পাই। সেখান থেকেই অধিনায়ককে নিজের ইমপুট দিই। কোনও ভাল বলে ছয় এবং খারাপ বলে ছয় মারার ফারাক আমি বুঝে নিই যখন উইকেটরক্ষক হিসেবে দাঁড়িয়ে থাকি।‘