
এমএস ধোনি
শেষ আপডেট: 15 April 2025 11:46
দ্য ওয়াল ব্যুরো: তাঁকে ঘিরে জল্পনা জমছিল। প্রশ্ন উঠছিল দলে থাকা নিয়ে। রুতুরাজের জায়গায় অধিনায়কত্ব পাওয়ার যৌক্তিকতা নিয়েও কথা তুলেছিলেন অনেকে।
এই সমস্ত বিতর্কের জবাব দিলেন ধোনি। ফিরলেন পরিচিত মেজাজে। ফিনিশার ধোনির চেনা ছন্দ ধরা দিল গতকাল, একানা স্টেডিয়ামে। লখনউ সুপার জায়ান্টসের ১৬৭ রানের টার্গেট সহজেই তুলে নিল সিএসকে। আর ছ’নম্বরে নেমে ১১ বলে অপরাজিত ২৬ রানের ইনিংসের সুবাদে দলকে ফিনিশিং লাইন পার করালেন ধোনি।
এই সূত্রে হাতে এল ব্যক্তিগত রেকর্ডও। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সি ক্রিকেটার হিসেবে ‘ম্যান অফ দ্য মাচে’র খেতাব অর্জন করলেন। এতদিন এই রেকর্ড ছিল প্রবীণ তাম্বের দখলে। ৪২ বছর ২০৮ দিনের প্রবীণ রাজস্থান রয়্যালসের হয়ে ‘ম্যাচ অব দ্য ম্যাচ’ জেতেন। ২০১৪ সালের ওই ম্যাচে প্রতিপক্ষ ছিল কলকাতা নাইট রাইডার্স। ৪৩ বছর বয়সী ধোনি এই খেতাব জিতে বয়স্কতম খেলোয়াড় হিসেবে এই নজির গড়েছেন।
যদিও স্বীকৃতি পেয়েও বিস্মিত এবং কিছুটা নাখুশ ধোনি। ম্যাচের পর সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে জানান, এই খেতাব আসলে চেন্নাই সুপার কিংসের বোলার নুর আহমেদের পাওয়া উচিত ছিল। তিনি বলেন, ‘আজ আমার অবস্থা হয়েছিল এরকম—আমায় কেন পুরস্কার দেওয়া হচ্ছে? নুর সত্যি ভাল বল করেছিল।‘
প্রসঙ্গত, এই জয় সত্ত্বেও পয়েন্ট তালিকায় সর্বশেষ স্থানেই রয়েছে চেন্নাই। চলতি টুর্নামেন্টে এই নিয়ে দ্বিতীয় ম্যাচ জিতল তারা। যে প্রসঙ্গে বলতে গিয়ে ধোনির বক্তব্য, ‘ভাল লাগছে জিততে পেরে। আইপিএলের মতো টুর্নামেন্টে বিজয়ী হওয়ার শর্ত ম্যাচ জেতা। দুর্ভাগ্যবশত, আগের ম্যাচগুলি আমাদের পক্ষে যায়নি। এর অনেক কারণ হতে পারে। এই জয় দল হিসেবে আমাদের আত্মবিশ্বাসী করবে। আরও উন্নতি করতে সাহায্য করবে।‘