
ভুবনেশ্বরে মোহনবাগানের অনুশীলনে দলের কোচ হাবাস।
শেষ আপডেট: 23 April 2024 16:53
দ্য ওয়াল ব্যুরো: আজ মঙ্গলবার সন্ধ্যায় ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মোহনবাগানের সামনে ওড়িশা এফসি। ইতিমধ্যেই আইএসএলের লিগ-শিল্ড জিতে নিয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। এবার খেতাব যুদ্ধে আসল পরীক্ষার মুখে সবুজ মেরুন শিবির।
তিনদিন আগেই পুরো মোহনবাগান দল ওড়িশা পৌঁছে প্রস্তুতি শুরু করে দিয়েছিল। কারণ কলকাতার মতোই গরম ভুবনেশ্বরেও। সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হাবাসের দল আগেই অভ্যস্ত হওয়ার পথ খুঁজে নিয়েছে।
এ মরশুমে মোট পাঁচবার দেখা হতে চলেছে দুটি দলের। সেদিক থেকে আইএসএলে দুটি ম্যাচ ড্র হয়েছিল। এএফসি কাপে একটা ম্যাচে মোহনবাগান জেতে, অন্য ম্যাচে ঘরের মাঠে হেরেছে। মোহনবাগান কোচের সবচেয়ে বেশি ভয়, দলের ফুটবলারদের মধ্যে আত্মতুষ্টিকে। দলের ফুটবলাররা ভাবছেন স্টেজে মেরে দেবেন, কিন্তু বিষয়টি যে সহজ নয়, সেটি কোচ হাবাস জানেন। তাই দলের অনুশীলনে আক্রমণ নির্ভর কৌশলে দলকে মানিয়ে নিতে বলেছেন। অভিজ্ঞ কোচ জানেন শুরুতেই গোল পেয়ে গেলে ঘরের মাঠে ওড়িশা চাপে পড়ে যাবে। তাই দলের ফরোয়ার্ড দিমিত্রি পেত্রাতোস, সাদিকুদের তৈরি রাখছেন। এমনকী কামিন্সকেও বলে দেওয়া হয়েছে পেনাল্টি বক্সের মধ্যে বল পেলে নিজে কিংবা পাস বাড়াতে হবে কাছে থাকা ফরোয়ার্ডকে।
ওড়িশা এফসি ভাল দল, তাদের দলে ভারসাম্য রয়েছে। কোচ হাবাস দলের ফুটবলারদের বলে দিয়েছে, মাঠে বিপক্ষ দলকে বেশি জায়গা জুড়ে খেলতে দেওয়া যাবে না। তবে সবুজ মেরুন শিবিরের ভয় রয় কৃষ্ণকে নিয়ে। মোহনবাগান দেখলেই জ্বলে ওঠেন রয়। কোচ হাবাসও জানিয়েছেন, আমি রয়কে ভালবাসি, ওর খেলার স্টাইলও ভয়ঙ্কর। কিন্তু রয় যেহেতু বিপক্ষ দলের তারকা, তাই ওকে নিয়ে আমার আগ্রহ নেই। খেলা শেষে জড়িয়ে ধরব, তার আগে আমি ভাবছি নিজের দল নিয়েই।
মোহনবাগান দলে চোট আঘাত সমস্যা নেই। সামাদও সুস্থ, লিস্টন-মনবীররাও তৈরি নিজেদের সেরাটা দেওয়ার জন্য।