
শেষ আপডেট: 27 November 2023 21:49
দ্য ওয়াল ব্যুরো: এএফসি কাপে সমস্যায় পড়ে গেল মোহনবাগান সুপার জায়ান্টস। সোমবার যুবভারতীতে তারা ওড়িশা এফসি-র কাছে ২-৫ গোলে হার মেনেছে। এই হারের কারণে টুর্নামেন্টের পরের রাউন্ডে অনিশ্চিত হয়ে গেলেন বুমোস, লিস্টনরা।
এর আগে দলের কোচ জুয়ান ফেরান্দো বলেছিলেন, তিনি এএফসি কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টকে লক্ষ্য করছেন। তিনি প্রাথমিকভাবে সেমিফাইনালে নিয়ে যেতে চেয়েছিলেন সবুজ মেরুন দলকে। কিন্তু গ্রুপ থেকে একটি দল গেলে সেক্ষেত্রে বাংলাদেশের বসুন্ধরা অনেকটাই এগিয়ে গেল।
গ্রুপে মোহনবাগান তিনে নেমে গিয়েছে। তারা এই ওড়িশা দলকেই তাদের ঘরের মাঠে ৪-০ গোলে হারিয়েছিল। এদিন সবুজ মেরুনের খেলায় সেই ঝাঁঝ ছিল না। তারা বিপক্ষের আক্রমণে বেদম হয়ে গিয়েছে।
এদিন ম্যাচে মোহনবাগান ১৭ মিনিটে বুমোসের গোলে এগিয়ে গিয়েছিল। কিন্তু কমজোরি রক্ষণভাগ তাদের আবারও ডুবিয়েছে। ওড়িশা এফসি-র হয়ে সমতা ফেরানোর গোলটি করেছেন মোহনবাগান থেকে বাতিল রয় কৃষ্ণ, তিনি ২৯ মিনিটে আসল কাজ সারেন। তারপর ওড়িশা আরও দুটি গোল করেছে ৩২ ও ৪১ মিনিটে। গোলগুলি করেছেন দিয়েগো মরিসিও এবং গোডার্ড।
তারপর কিয়ান নাসিরি গোল করে ২-৩ করলেও শেষে আবার দুটি গোল দিয়ে বাজিমাত করেছে বিপক্ষ দলটি। ওড়িশার অনিকেত যাদব এবং ইসাক ইনজুরি টাইমে গোল করে মোহনবাগানের যন্ত্রণা আরও বাড়িয়ে দিয়েছেন। ঘরের মাঠে আত্মসমর্পণ সবুজ মেরুন দলের।
এদিন ম্যাচে মোহনবাগান অনেক গোল মিস করেছে। কিন্তু প্রথম দলের চার নামী তারকা ছিলেন না। সেই তালিকায় ছিলেন মনবীর সিং, দিমিত্রি পেত্রাতোস, মনবীর সিং, আনোয়ার আলি। যদিও এই দলের রিজার্ভ বেঞ্চ শক্তিশালী নয়, সেটি ফের প্রমাণ হয়ে গিয়েছে।