
ম্যাচের আগে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মোহনবাগান ফুটবলাররা।
শেষ আপডেট: 3 May 2024 22:39
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগানের সামনে শনিবার যুবভারতীতে ত্রিমুকুট জয়ের হাতছানি। এর আগে আইএসএলের লিগ-শিল্ড জিতেছে। এবার খেতাব জিততে পারলে ষোলকলা পূর্ণ।
ম্যাচের আগেরদিন মোহনবাগান ফুটবলারদের দেখে মনে হয়েছে তাঁরা চনমনে রয়েছেন। যুবভারতীতে মোট ৬৬ হাজার দর্শকের সামনে খেলতে নামা মানে মানসিকভাবে অনেকটা এগিয়ে যাওয়া। দলের অধিনায়ক শুভাশিস বসু থেকে গোলমেশিন দিমিত্রি পেত্রাতোস এদিন মিডিয়ার মুখোমুখি হয়ে বলেছেন, ‘‘আমাদের লক্ষ্য হল ট্রফি। এত সমর্থকের সামনে খেলতে নামলেই আমরা চাঙ্গা হয়ে উঠি। সমর্থকদের জন্যই আমাদের ভাল খেলতে হবে।’’
বাগানের এই দলটিকে যে কোচ হাবাস বদলে দিয়েছেন, সেটিও মানছেন দলের বেশিরভাগ ফুটবলার। শুভাশিস যেমন বলেছেন, হাবাস স্যার আছে মানে আমরা কাপ জিতব। ওঁর যা কৌশল, সেটি সবাই আমরা বুঝতে পারি। ওই কৌশলে আমাদের খেলাও ভাল হয়। উনি আমাদের দলকে বদলে দিয়েছেন। ট্রফি জিতে আমরা কোচ ও সমর্থকদের উৎসর্গ করব।
মোহনবাগান ফুটবলাররা নিজেদের মাঠে নামছেন বলে বাড়তি চাঙ্গা। মুম্বই দলের খেলোয়াড়রা মাঠে নেমে বাজিমাতের অপেক্ষায়। বিপক্ষ দল নিয়ে অবশ্য সমীহের সুর মোহন ফুটবলারদের মুখে। ওরা ফাইনালে উঠেছে, ভাল দল বলেই। তবে আমরা আমাদের ছক অনুযায়ী খেলব।
দিমিত্রি বলে রেখেছেন, কলকাতার সমর্থকদের ভালবাসা অন্যরকম, অনেক বেশি আবেগ। আমি এত দেশে খেলেছি, তাই পার্থক্যটা বুঝতে পারি।
মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, আমাদের ছেলেরা তৈরি রয়েছে। মাঠে নেমে সেরাটাই দেবে। কাপ ছাড়া কিছু ভাবছি না। তবে বাড়তি আত্মতুষ্টি যাতে না আসে, কোচ হাবাস সেই বিষয়টি দেখছেন।