
শেষ আপডেট: 23 February 2024 18:53
দ্য ওয়াল ব্যুরো: আইএসএলের ফার্স্ট ও সেকেন্ড বয়ের মধ্যে শনিবার ম্যাচ। যে দল জিতবে তারাই এগিয়ে যাবে। শীর্ষে চলে যাবে সেই দল।
মোহনবাগান এবং ওড়িশা এফসি-র মধ্যে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পয়েন্ট তালিকায় ওড়িশা শীর্ষে রয়েছে, ১৫ ম্যাচে পয়েন্ট ৩২। অপরদিকে, মোহনবাগান ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট সংগ্রহ করেছে। লড়াইটা মোহনবাগান কোচ হাবাসের সঙ্গে ওড়িশার হেডস্যার সার্জিও লোবেরোর।
সুপার কাপে মোহনবাগান দল ব্যর্থ হলেও আইএসএলে তারা সেরা ছন্দে রয়েছে। টানা তিনটি ম্যাচ জিতে চাঙ্গা দল। শনিবার ফার্স্ট বয় ওড়িশাকে হারাতে পারলে খেতাবের দিকে অনেকটাই এগিয়ে যাবে। সেই কারণেই সবুজ মেরুন কোচ আন্তোনিও লোপেজ হাবাস বলেছেন, ফুটবলারদের সেরা হওয়ার মানসিকতা নিয়ে মাঠে নামা উচিত। সেই লক্ষ্য নিয়েই মাঠে নামতে হবে, ছেলেদের সেটি বলেছিও।
শনিবার আইএসএলে হাবাসের কাছে দুটি বিষয় দেখানোর রয়েছে। এক, দলের ধারাবাহিকতা বজায় রাখার চ্যালেঞ্জ। পাশাপাশি তিনি চান শুরুতেই গোল তুলে নিতে। বড় প্রতিপক্ষের বিরুদ্ধে কুঁকড়ে থাকা মানে লড়াইয়ের জমি থেকে হারিয়ে যাওয়া।
ম্যাচে দুই স্প্যানিশ কোচের দ্বৈরথ, হাবাস বনাম লোবেরো। ওড়িশা সম্পর্কে মোহন কোচের ব্যাখ্যা, বিপক্ষ ভাল দল, ওদের মাঝমাঠ সংঘবদ্ধ। আমরা প্রতিপক্ষ সম্পর্কে শ্রদ্ধাশীল হলেও নিজেদের নিয়েই ভাবতে চাই। আমরা তিন পয়েন্ট লক্ষ্য নিয়েই মাঠে নামতে চাই।
ওড়িশার ত্রাস রয় কৃষ্ণ, যিনি মোহনবাগানে এসেছিলেন হাবাসের হাত ধরেই। তারপর জুয়ান ফেরান্দো দায়িত্ব নিতেই কৃষ্ণকে ছাঁটাই করে দেওয়া হয়। সেই কৃষ্ণের মোকাবিলায় নামছেন হাবাস। যিনি ভাল করে চেনেন রয়কে। সেই কারণেই বলেছেন, রয় দারুণ এক ফুটবলার, যে নিজের দিনে যা কিছু করতে পারে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। ওকে নিয়ে আমাদের কৌশল প্রস্তত। একটা সময় আমার কোচিংয়ে সেরাটা দিয়েছেন রয়, তবে এবার ও আমাদের প্রতিপক্ষ।