
শেষ আপডেট: 6 October 2023 21:29
দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে দারুণ ছন্দে বিরাজমান মোহনবাগান। তারা শনিবার চেন্নাইয়িন এফসি-র বিপক্ষে নামছে অ্যাওয়ে ম্যাচে। গত দুটি ম্যাচে জয় পেয়েছে সবুজ মেরুন শিবির। জয়ের হ্যাটট্রিক চান মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো।
চলতি লিগে ভাল ছন্দে নেই চেন্নাইয়িন দলটি। তারা শেষ দুটি ম্যাচে হেরেছে। দুটি ম্যাচে পাঁচটি গোল খেয়েছে। তারপরেও সবুজ মেরুন কোচ সতর্ক। তিনি এদিন খেলার আগেরদিন প্রচারমাধ্যমকে বলেছেন, ‘চেন্নাইয়িন দলটি ঘরের মাঠে ভয়ঙ্কর। নিজেদের দর্শকদের সামনে খেলবে। সেই হিসেবে বলতে পারি আমাদের জয়ের জন্য ভাল ফুটবল খেলতে হবে। অ্যাওয়ে ম্যাচেও আমরা তিন পয়েন্টের লক্ষ্যেই নামব।’
চেন্নাই দলটি এবার ছন্দে নেই। তারপরেও বিপক্ষ দলকে সমীহ করছেন মোহন তারকা অনিরুদ্ধ থাপা। তিনি জানিয়েছেন, চেন্নাই দলটিকে আগে থেকে অনুমান করা যায় না। যে কোনও সময়ে জ্বলে উঠে ম্যাচের ব্যবধান গড়ে দিতে পারে। কোচ ফেরান্দোর মতোই অনিরুদ্ধও বলছেন, এবার হোম টিম সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে। তাই চেন্নাইয়িন দলকে হালকাভাবে নিলে চলবে না।
অনিরুদ্ধ গত মরশুমে ছিলেন চেন্নাই দলে। তাদের শক্তি ও কমজোরি নিয়ে মোহন তারকা অবহিত। তাই বলছেন, ঘরের মাঠে ওরা ভয়ঙ্কর, তাই আমরা অলআউট যাব না। আবার অতি রক্ষণ নির্ভর খেলে পিছিয়ে থাকব না। কোচ আমাদের রণকৌশল বুঝিয়ে দিয়েছেন, সেটাই আমাদের শক্তি।
মোহনবাগান দলের ভরসা দিমিত্রি পেত্রাতোস, এমনকী জেসন কামিন্সও ভাল খেলছেন। তিনি শেষ ম্যাচে জোড়া গোলদাতা, তাই গোলের লোকের অভাব নেই বাগানে।