
শেষ আপডেট: 17 April 2024 19:55
দ্য ওয়াল ব্যুরো: তিনদিনের বিশ্রাম পেয়ে গিয়েছেন মোহনবাগান ফুটবলাররা। যুবভারতীতে মুম্বই সিটিকে ২-১ গোলে হারানোর পরে লিগ-শিল্ড জয় হয়েছে মোহন শিবিরের। আইএসএলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কারণেই লিগ-শিল্ড পেয়েছে সবুজ মেরুন দল।
ফুটবলার থেকে সমর্থকরা, কিংবা কর্তারাও এই খুশিতে মজে রয়েছেন। তাঁরা এমন মনে করছেন যেন আইএসএল ট্রফিই পেয়ে গিয়েছে তারা। সমর্থকরা নানারকম পোস্ট দিচ্ছেন। ফুটবলাররা সবাই স্ত্রী ও পরিবার মিলে খুশির মুহূর্ত ছবি শেয়ার করছেন। কিন্তু লড়াই যে এখনও শেষ হয়নি, সেটাই পইপই করে বলছেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তিনি দলের ফুটবলারদের ছুটি বাতিল করে দিয়েছেন।
হাবাস এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আমাদের মনে রাখতে হবে এখনও নকআউট পর্ব বাকি রয়েছে। তার আগে আত্মতুষ্ট হলে চলবে না। মোহনবাগানকে সেমিফাইনালে খেলতে হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। প্রথমে বাইরের মাঠে খেলতে হবে, তারপরে ঘরের মাঠে নামবে ফাইনালের টিকিট পেতে। ফাইনাল ৪ মে। দুটি ম্যাচ জিতলেই মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হবে পরপর দু’বছর।
ভিনরাজ্যের ফুটবলাররা দেশের বাড়িতে যেতে চেয়েছিলেন। সেই তালিকায় ছিলেন মনবীর সিং, লিস্টন কোলাসো, অবিনাশ থাপারা। কোচ তা শুনে সেই প্রস্তাব বাতিল করে দিয়েছেন। মোহন সমর্থকদের প্রিয় কোচ বলছেন, এখনই ফোকাস হারালে চলবে না। কারণ লিগ-শিল্ড জয়ের পরে আইএসএলের খেতাব হারানো আরও লজ্জার বিষয়। তাই সতর্ক করছেন দলের দেশি-বিদেশি তারকাদের।