
শেষ আপডেট: 2 December 2023 22:41
দ্য ওয়াল ব্যুরো: খেলার ৮৪ মিনিট পর্যন্ত মোহনবাগানের জয় নিয়ে প্রশ্ন ছিল। অবশেষে ৮৫ মিনিটে ব্র্যান্ডন হ্যামিলের গোলে এগিয়ে যায় মোহনবাগান। একেবারে শেষে ইনজুরি টাইমের ছয় মিনিটে ফের আশিস রাই গোল করে দলকে ২-০ এগিয়ে দেন। ওই ফলই শেষমেশ থাকল হায়দরাবাদ এফসি-র বিপক্ষে।
আইএসএলে ফিরে ছন্দে সবুজ মেরুন শিবির। এএফসি কাপে টানা দুটি ম্যাচে হারের পরে আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু আইএসএলে লাস্ট বয় হায়দরাবাদকে হারাল শেষ ২০ মিনিটের ঝড়ে।
যেমন ভাবা গিয়েছিল, তেমনটি দেখা যায়নি। হায়দরাবাদের বিরুদ্ধে মোহনবাগান কষ্ট করেই জিতেছে। একটা সময় খেলার মধ্যে সেই সৃজনশীলতাও দেখা যায়নি।
কোচ দলের বদল ঘটিয়েও সুফল পাচ্ছিলেন না। বাগান গোলমুখ খুলেছে আবদুল সাহালের দুরন্ত পাস থেকেই, সেই বল ধরে দুরন্ত ফিনিশ করেছেন হামিল। তিনি জ্বলে উঠতেই হায়দরাবাদের রক্ষণে ফাঁক তৈরি হয়েছে। শুধু তাই নয়, টানা পাঁচ ম্যাচে জয়ে নতুন রেকর্ড গড়ল মোহনবাগান। এর আগে আইএসএলে টানা কোনও দল পাঁচটি ম্যাচ জেতেনি। মোট ১৫ পয়েন্ট পেয়ে তারা শীর্ষে রয়েছে।
আইএসএলে টানা পাঁচটি ম্যাচে জয় পেল সবুজ মেরুন দল। দল জয় পেলেও বিরতির আগে বাগানের খেলা দেখে মন ভরেনি। এমনিতেই চোটের কারণে নেই দিমিত্রি পেত্রাতোস, মনবীর সিং, আনোয়াররা। কিন্তু যাঁরা রয়েছেন, তাঁরা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। বিশ্বকাপার জেসন কামিন্স কয়েকটি ক্ষেত্রে ভয়ঙ্কর হলেও সতীর্থদের কাছে সুবিধে পাননি।
খেলার ৫০ মিনিটে কিয়ান নাসিরির ক্রস থেকে কামিন্সের বাঁ পায়ের শট একটুর জন্য বাইরে চলে যায়। ৬ মিনিট পরে হায়দরাবাদের জোয়াও ভিক্টরের শটও অল্পের জন্য বাইরে চলে যায়। ৭৬ মিনিটে একক দক্ষতায় বক্সে হানা দেন হুগো বুমোস। কিন্তু গোল হয়নি। ৮৩ মিনিটে আর্মান্দো সাদিকুর জোরালো শট বাঁচিয়ে দেন বিপক্ষ গোলরক্ষক।
একটা সময় বাগানের ফুটবলাররা গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। ওড়িশার মাঠে সমর্থনও পেয়েছে তারা। কিন্তু ম্যাচে বলের দখল বেশি রেখেও আসল কাজটাই হয়নি। একেবারে শেষ সময়ে মরণ কামড়টাই বিপক্ষ দলকে হার মানতে বাধ্য করেছে।