
মহামেডান স্পোর্টিং
শেষ আপডেট: 7 April 2024 20:41
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা তথা বাংলার ফুটবলের জন্য বিরাট ব্যাপার। একসঙ্গে তিন প্রধান আইএসএল খেলবে পরের মরশুম থেকে। সদ্য আই লিগ জিতেছে মহামেডান। আইলিগ চ্যাম্পিয়ন হয়ে পাঞ্জাব এফসি প্রথম দল হিসেবে উন্নীত হয়েছিল আইএসএল দুনিয়ায়। আর এবার সাদা-কালো শিবির। তবে মনে রাখতে হবে, শুধু আই লিগ জিতলেই হবে না। আরও একটি ছোট্ট কাজ করতে ক্লাবকে। তবে আইএসএলে খেলা যাবে।
শনিবার শিলং লাজংকে ২-১ গোলে হারানোর পরেই উচ্ছ্বাসে মাতোয়ারা হয় সাদা-কালো সমর্থকরা। এক ম্যাচ বাকি থাকতেই ট্রফি ঘরে তুলে নিয়েছে মহামেডান। পরের বছর থেকে আইএসএল খেলার প্রস্তুতিও মনে মনে নেওয়া শুরু হয়ে গেছে। তবে তার আগে আর একটি ছোট্ট কাজ করতে হবে তাঁদের। মহামেডানকে ক্লাব লাইসেন্সিং প্রিমিয়ার-১ যে শর্তাবলী রয়েছে, তা পূরণ করতে হবে। তাহলে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সঙ্গে দেশের সর্বোচ্চ টায়ার লীগে খেলতে পারবে 'ব্ল্যাক প্যান্থার'রা।
এর আগে মোহনবাগান দু’বার আই লিগ জিতেছে। ইস্টবেঙ্গল কোনওদিন আই লিগ না জিতলেও নাম বদলের আগে তিনবার জাতীয় লিগ পেয়েছে। মহামেডান এবার আই লিগ জয়ের স্বাদ পেল। তারা গতবারও খেতাবের সামনে থেকে ফিরেছিল। এবার আন্দ্রে চের্নিশভের ছেলেরা দেখালেন তাঁরাও যোগ্য ভারতের সর্বোচ্চ পর্যায়ের লিগ খেলার জন্য।
আইএসএল খেলার জন্য এটিকে দলের সঙ্গে মার্জার করেছিল মোহনবাগান। একই মরশুমে ইনভেস্টর নিয়ে আইএসএল যাত্রা শুরু করে ইস্টবেঙ্গল। তবে মহামেডানের ক্ষেত্রে এসব কিছুই করতে হল না। তাঁরা আই লিগ জিতে যোগ্যতা অর্জন করেই খেলতে যাচ্ছে দেশের টপ লিগে।