
শেষ আপডেট: 30 March 2024 19:36
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট ভদ্রলোকের খেলা। ব্যাট-বলের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আর কিছু থাকা উচিত নয়। পেশাদার জগতে লড়াই অন্য জায়গায়, মৈত্রীই সর্বত্র। সেটি ফের প্রমাণ করলেন মহম্মদ সিরাজ। যিনি একটা সময় হায়দরাবাদে ক্যাটারিংয়ের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। বাবা ছিলেন অটোচালক।
সিরাজের আজ বছরে আয় ২৫ কোটির বেশি। বাড়িতে রয়েছে পাঁচটি বিলাসবহুল গাড়ি। প্রাসাদোপম অট্টালিকায় থাকেন। বিনোদনের লিগেও ভারতীয় দলের এই নামী পেসার বোঝালেন তাঁর পা মাটিতেই রয়েছে।
শুক্রবার বেঙ্গালুরুতে কেকেআর বনাম আরসিবি ম্যাচে নাইটদের ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার জমাটি ব্যাটিং করছিলেন। বিপক্ষের বোলারদের রীতিমতো শাসন করছিলেন। সেইসময় দেখা যায়, নাইট তারকার জুতোর ফিতে খুলে গিয়েছে। তিনি চেষ্টা করছিলেন সেটি বাঁধার।
সিরাজ দূর থেকে দেখতে পেয়ে কাছে চলে এসে বেঙ্কির (ভেঙ্কটেশের ডাকনাম) জুতোর ফিতে বেঁধে দিয়ে প্রমাণ করলেন তাঁরও একটা নরম হৃদয় রয়েছে। একেই বলে স্পিরিট অব দ্য গেম, তা আবারও চিন্নাস্বামী স্টেডিয়ামে দেখা যায়।
সিরাজের এমন আচরণে ধারাভাষ্যকাররাও প্রশংসা করেছেন। এই ছবি সোশ্যাল সাইটে আরসিবি পোস্টও করেছে। সঙ্গে সঙ্গে সবাই সিরাজকে বাহবা দিয়েছেন।