
শেষ আপডেট: 30 December 2023 17:26
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে মহম্মদ শামির অনুপস্থিতি ভালরকম ভাবে চোখে পড়েছে। অধিনায়ক রোহিত শর্মার মুখেও শোনা গেছে এমন কথা। চোটের কারণে ছিটকে গেছেন বাংলার এই পেসার। কিন্তু শামির এই চোট নতুন নয়। চোট নিয়েই বিশ্বকাপে লাগাতার বোলিং করে গেছেন তিনি। তার জন্য নাকি প্রতিদিন তাঁকে ইঞ্জেকশন নিতে হয়েছে! সেটাই কি কাল হল সাহসপুর এক্সপ্রেসের জন্য?
গোড়ালিতে একটি পুরনো চোট দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে শামিকে। তাঁর এক বন্ধু সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'শামি অনেকদিন ধরেই চোটে ভুগছেন। অনেকেই জানেন না হয়তো এই চোট নিয়েই বিশ্বকাপ খেলেছিলেন তিনি। চোটের কারণে প্রতিদিন ইঞ্জেকশন নিতে হত তাঁকে। বয়স বাড়লে, চোট সারতে সময় নেয়। শামির ক্ষেত্রেও সেটাই হয়েছে।'
বিশ্বকাপের সময় মাঠে শামিকে দেখে বোঝার উপায় ছিল না তিনি বাঁ পায়ের গোড়ালির চোটে ভুগছেন। বিশ্বকাপের প্রথম চার ম্যাচে সুযোগ পাননি ঠিকই, কিন্তু তারপর মাঠে নেমেই নিজের জাত চিনিয়েছিলেন শামি। প্রায় প্রতি ম্যাচেই উইকেট নিয়েছেন। বিপক্ষকে বিপদে ফেলে দিয়েছিল শামির স্পেল। ২০২৩ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড তাঁর নামের পাশেই।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে শামির বদলে প্রশিদ্ধ কৃষ্ণাকে খেলানো হয়। কিন্তু তাঁর পারফরম্যান্স দেখে অনেক ক্রিকেট ভক্তই শামির অভাব পেয়েছেন। অনেকে শামির না থাকা নিয়ে আফসোসও করেছেন। অনেকের মনেই প্রশ্ন জেগেছে, ফের কবে মাঠে ফিরতে পারবেন শামি? সূত্রের খবর, শামি এখন অনেকটাই সুস্থ। আরও কয়েকটা দিন বিশ্রাম নেওয়ার পুরোপুরি ফিট হয়ে যাবে। আশা করা যাচ্ছে, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পাবেন বাংলার পেসার।