
শেষ আপডেট: 2 November 2023 12:08
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের মধ্যেই দল ছেড়ে দেশে উড়ে গিয়েছিলেন সাকিব আল হাসান। সেই নিয়ে কম বিতর্ক হয়নি। অনেকেই সাকিবকে 'দায়িত্বজ্ঞানহীন' বলেও কটাক্ষ করেছেন। এবার অধিনায়কের পথেই হাঁটলেন বাংলাদেশ দলের ওপেনার লিটন দাস। বিশ্বকাপের মাঝে আচমকাই বাংলাদেশে ফিরে গিয়েছেন! শুধু একা লিটন নয়, অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মিচেল মার্শও একই কাণ্ড ঘটালেন।
বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গেছে বাংলাদেশ। তাই বাকি দুই ম্যাচ শুধুই নিয়মরক্ষার। বাংলাদেশের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে দিল্লিতে। সংবাদমাধ্যম সূত্রে খবর, কলকাতা থেকেই বাংলাদেশ চলে গেছেন লিটন। দলের সঙ্গে দিল্লি যাননি তিনি। তবে ৬ তারিখের ম্যাচের আগেই ফিরে এসে যোগ দেবেন দলের সঙ্গে, এমনটাই জানানো হয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের তরফে।
অন্যদিকে, মিচেল মার্শ দেশে ফিরে যাওয়া অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। সংবাদমাধ্যম সূত্রে খবর, পারিবারিক কারণেই মার্শকে দেশে যেতে হয়েছে। বিশ্বকাপের বাকি ম্যাচগুলো মার্শের না খেলার সম্ভাবনাই প্রবল।
এমনিতেই চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন না অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তারপর মার্শের ছিটকে যাওয়া অশনি সঙ্কেত অস্ট্রেলিয়ার জন্য। এই দুই তারকা ক্রিকেটারের পরিবর্তে কারা খেলবেন সেটাই এখন ভাবাচ্ছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টকে।
অ্যালেক্স কারে, সিন অ্যাবোট, মারকিউস স্টোনিস এবং ক্যামেরন গ্রিন-- এই চার ক্রিকেটারের মধ্যে থেকেই দু'জনকে খেলাবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে শুরুটা ভাল না করলেও এখন ছন্দে আছে অজিরা। পরপর ম্যাচ জিতে সেমি ফাইনালে যাওয়ার দৌড়ে টিকে আছে তারা। বড় অঘটন না ঘটলে অস্ট্রেলিয়া যে শেষ চারে যাচ্ছে তা এক প্রকার নিশ্চিত।