
শেষ আপডেট: 30 January 2024 15:20
দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসির সামনেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো গোল উৎসব সারলেন আল হিলালের তারকা।
সোমবার গভীর রাতে রিয়াধে রোমাঞ্চকর এই ম্যাচে মেসি-সুয়ারেজ গোল করার আগেই দুটি গোল হজম করে মিয়ামি। ম্যাচের ১০ মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে মেসির দল। এর তিন মিনিট আবার গোল করে নেমারের ক্লাব। এবার ২-০ তে এগিয়ে যায় আল হিলাল।
সৌদি আরবে ৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের ইন্টার মিয়ামিকে ৪-৩ গোলে হারিয়েছে আল হিলাল।
ম্যাচ ৩-৩ গোলে সমতায় থাকার পর শেষ মুহূর্তের গোলে হেরে যায় মেসির দল। ৮৮ মিনিটে আল হিলালের পক্ষে জয়সূচক গোলটি করেন ম্যালকম।
এই ম্যাচে আল হিলালের হয়ে তৃতীয় গোলটি করেন মাইকেল দেলগাডা। গোল করেই মেসির সামনে পতুর্গিজ তারকা রোনাল্ডোর সেই নান্দনিক ‘সিউ’ উৎসব উদযাপন করেন ব্রাজিলীয় ফুটবলার। তাঁর এই সেলিব্রেশনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা মেসি। মাইকেলের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল আল হিলাল।
ম্যাচের ৩৪ মিনিটে ইন্টার মিয়ামিতে অভিষেকের পর প্রথমবারের মতো গোল করেন সুয়ারেজ। ফলে ব্যবধান ২-১ হয়। সুয়ারেজের গোলের ১০ মিনিট পর আবার গোল হজম করে মিয়ামি। ফলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-১। বিরতির এক মিনিট বাকি থাকতে আল হিলালের হয়ে গোলটি করেন মাইকেল।
বিরতির পর মাঠে ফিরেই গোল করেন মেসি। বক্সের ভেতরে আল হিলাল ফাউল করায় পেনাল্টি পায় মিয়ামি। সেই পেনাল্টিকে গোলে পরিণত করেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। এর ১ মিনিট পর আবার গোল পায় মিয়ামি। এবার গোল করেন ডেভিড রুইস। ফলে ৩-৩ গোলে সমতায় ফেরে মিয়ামি। এরপর আক্রমণ, পাল্টা আক্রমণে চলতে থাকে খেলা। ম্যাচের ৮৮ মিনিটে গোল হজম করে অবশেষে রোমাঞ্চকর লড়াইয়ে হেরে মাঠ ছাড়ে মিয়ামি।