
শেষ আপডেট: 28 November 2023 20:13
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা লিগ ফুটবলে গড়াপেটার অভিযোগ তুললেন মদন মিত্র। রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তথা কামারহাটির বিধায়ক মঙ্গলবার ফেসবুক লাইভে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তিনি জানান, ‘কলকাতা লিগে গড়াপেটা রোগ এখনও যায়নি। এখনও সমানভাবে টেবিলের তলা দিয়ে খেলা চলছে।’
মদনের অভিযোগ শুনে আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, ‘উনি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, ওঁর অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। অভিযোগ প্রমাণিত হলে সেই ক্লাবের কর্তারা শাস্তি পাবেন।’
তৃণমূল বিধায়ক দাবি করেছেন, কলকাতা লিগের প্রথম ডিভিশনে গড়াপেটা ভালই হয়েছে। তাঁর ক্লাব বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাব লিগের সুপার সিক্সে উঠতে পারেনি। তাঁর দলের বিরুদ্ধে মাঠে নামেনি মহামেডান এসি। অপরদিকে, দুটি ম্যাচে ১৩টি গোল করে পরের ধাপে চলে যায় অনুশীলনী ক্লাব।
মদন আইএফএ-র উপর ক্ষোভ উগড়ে দিয়ে বলেছেন, ‘আইএফএ রাজ্যের ফুটবলের জন্য কী করেছে? ভারতীয় ফুটবলের জন্যই বা কী করেছে? উত্তর দিন। প্রয়োজনে আমি ধর্নায় বসব। কী করবেন, গুলি চালাবেন?’
মদন আরও বলেছেন, ‘৯টা ম্যাচে একটা দল ১০টা গোল করল। আর বাকি দুটি ম্যাচে ২৩ গোল করে ফেলল! অনুশীলনী ক্লাবকে সুবিধে পাইয়ে দিতে এই কাজ করেছে আইএফএ কর্তারা। আমি এর শেষ দেখে ছাড়ব। এভাবে চলতে পারে না!’