
বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ব্যাটার লিটন দাস
শেষ আপডেট: 13 February 2025 20:07
দ্য ওয়াল ব্যুরো: হাতে আর একেবারে বেশি সময় নেই। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এবার এই মেগা টুর্নামেন্টের আসর পাকিস্তানে বসছে। তবে ভারতীয় ক্রিকেট দল প্রত্যেকটা ম্যাচ দুবাইয়ে খেলবে। এই টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেট দল আগামী ২০ তারিখ অভিযান শুরু করবে। প্রথম ম্যাচটা খেলতে হবে ভারতের বিরুদ্ধে।
ইতিমধ্যে ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে টাইগারবাহিনী শেষ পর্যায়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে। দূর্ভাগ্যের বিষয়, এই স্কোয়াডে জায়গা হয়নি দলের তারকা ব্যাটার লিটন কুমার দাসের। তবে এই অগ্নিপরীক্ষার আগে বাংলাদেশ ক্রিকেট দলের পাশেই দাঁড়াতে চান লিটন। ইতিমধ্যে তিনি টাইগারদের সাপোর্ট করে ফেসবুকে একটি পোস্ট করেছেন।
লিটন লিখেছেন, 'আইসিসি চ্য়াম্পিয়ন্স ট্রফির জন্য এই সুন্দর দলটাকে আমি শুভেচ্ছা জানাতে চাই। আমার বিশ্বাস, এমন একটি সম্মানজনক টুর্নামেন্টে এই দলটা নিজেদের সেরা পারফরম্যান্সটা উজাড় করে দেবে। কীভাবে বাঘেরা পারফরম্যান্স করে, সেটা একবার গোটা বিশ্বকে দেখিয়ে দাও।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'এই স্কোয়াডে আমি হয়ত সুযোগ পাইনি। তবে এই দলটাকে আমি মনেপ্রাণে সাপোর্ট করব। প্রত্যেকটা রান, উইকেট এবং ক্যাচের জন্য আমি দলের বাইরে থেকেই গলা ফাটাব। আমি এই দলের ষোড়শ সদস্য। আমার ভূমিকা একেবারে আলাদা হবে।'
এদিকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতকে হারানোর ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমূল হোসেন শান্ত। তিনি বলেছেন, 'টিমের প্রত্যেকে আন্তরিকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চায়। আল্লাহ ভাগ্যে কী লিখে রেখেছেন, তা তো জানা নেই। তবু সকলের উচিত আরও পরিশ্রম করা। তাহলে শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছতে পারব বলে আমার বিশ্বাস।'