
শেষ আপডেট: 16 October 2023 13:07
দ্য ওয়াল ব্যুরো: সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করে বিতর্ক তৈরি করেছিলেন বাংলাদেশ ওপেনার লিটন দাস। সেই বিতর্কের জেরে এবার দুঃখপ্রকাশ করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিটন জানিয়েছেন, না বুঝেই অমন কাণ্ড ঘটিয়ে ফেলেছিলেন তিনি!
বিশ্বকাপ অভিযান খুব একটা ভাল যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট টিমের। একটা ম্যাচে জয় পেলেও, পরপর দু'ম্যাচে হারতে হয়েছে সাকিব আল হাসানদের। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হারের জেরে সমালোচনার মুখে পড়তে হয়েছে লিটনদের।
বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে, এই ম্যাচে জয় পেতেই হবে তাদের। কিন্তু তার আগেই চোটের কবলে পড়েছেন অধিনায়ক সাকিব। খেলতে পারবেন কিনা, তা এখনও অনিশ্চিত। এমন পরিস্থিতির মধ্যেই রবিবার পুণে পৌঁছয় বাংলাদেশ ক্রিকেট দল।
পুণেতে যে হোটেলে সাকিব আল হাসানরা থাকছেন, সেখানে কয়েকজন সাংবাদিকও রয়েছেন। রবিবার হোটেলে পৌঁছে তাঁদের দেখে রেগে যান লিটন। নিরাপত্তারক্ষীদের ডেকে সবাই শুনতে পায় এমন ভাবেই গলার স্বর তুলে জিজ্ঞেস করেন, হোটেলে এত সাংবাদিক কেন রয়েছেন? তাঁদের ঢুকতে দেওয়া হয়েছে কেন? এই কথা সাংবাদিকদের কানে পৌঁছতেই ক্ষুব্ধ হন সাংবাদিকরা।
লিটনকে তাঁরা জানান, লিটন বাংলাদেশকে অপমান করেছেন। এই ঘটনার জেরে জোর বিতর্ক শুরু হয়। লিটনের এহেন ব্যবহার নিয়ে লেখালেখিও হয়। ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নিজের ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন লিটন।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বাংলাদেশের ওপেনার লেখেন, 'গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি, সেখানে এত গণমাধ্যমকর্মী উপস্থিত ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।'