.png)
লিস্টন কোলাসো ও ব্রায়না ডিসুজা
শেষ আপডেট: 25 April 2025 17:47
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান (Mohonbagan) সুপার কাপ (Super Cup) খেলতে ভুবনেশ্বর চলে গিয়েছে। তবে দলের সঙ্গে যাননি মূল দলের ফুটবলাররা। যাননি হেডস্যার হোসে মোলিনাও। ম্যাকলরেন, কামিংসদের মতো বিদেশিদের পাশাপাশি যাননি লিস্টন, শুভাশিসও। আর এই ফাঁকেই বিয়েটা (Marriage) সেরে ফেললেন বাগান সমর্থকদের আদরের লিস্টন কোলাসো (Liston Colaco)।
চার চক্ষুর মিলন আগেই হয়ে গিয়েছিল। এবার আইন মেনে চার হাত এক হল। সাত পাকে বাঁধা পড়ে নতুন ইনিংস শুরু করলেন আদতে গোয়ানিজ লিস্টন কোলাসো। পাত্রী দীর্ঘদিনের বান্ধবী ব্রায়না ডিসুজা (Bryna Dsouza)। স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে বাগানের এই উইঙ্গার লিখেছেন 'তোমাকে মনে ধরেছি...'
বিয়ের খবর শুনেই লিস্টনকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। আগামী দিনের জন্য শুভকামনা জানিয়ে অনেকেই লিখছেন, 'অসাধারণ যুগল'। কেউ আবার 'বছরের সেরা যুগল' বলেও অভিনন্দন জানিয়েছেন। বিয়ের একটি ছবিতে দেখা যাচ্ছে সাদা জামা ও কালো প্যান্টে লিস্টন পড়ে রয়েছেন। আর ব্রায়না সেজেছেন লাল শাড়ি ও ব্লাউজে। ব্রায়নার পিঠে ব্লাউজের উপরে লেখা রয়েছে ‘লিস্টন’।
লিস্টন-ব্রায়না প্রেম পর্বের শুরু অনেক আগেই। ২০২৪-এর ১ জানুয়ারি ইনস্টাগ্রামে একটা রিল পোস্ট করে প্রেম নিবেদনের কথাও জানিয়েছিলেন ব্রায়না।
টাটা এসআইএ এয়ারলাইন্সে কর্মরত ব্রায়নার রূপে মুগ্ধ নেটিজেনরা। লিস্টন পত্নীর রূপ ও ব্যক্তিত্বের প্রশংসাও উপচে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্রায়না অবশ্য মোহন জনতার কাছে অপরিচিত নন। বহুবার মেরিনার্সের ম্যাচ চলার সময় গ্যালারিতে দেখা গিয়েছে তাঁকে। এমনকি আইএসএল শিল্ডের সঙ্গে তাঁর ও লিস্টনের ছবিও ভাইরাল হয়েছে।
সমুদ্র রাজ্যের ছেলে লিস্টন। ব্রায়নাও তাঁর স্বামীর মতো সমুদ্রপ্রেমী। একসঙ্গে বালুকাবেলায় বেড়ানোর ছবি ও রিলে সেজে উঠেছে ব্রায়নার ইনস্টাগ্রাম।