
বিরাট কোহলি এবং কেএল রাহুল
শেষ আপডেট: 4 March 2025 23:54
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়া দাপুটে পারফরম্যান্সের দৌলতে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গিয়েছে। সেমিফাইনাল ম্যাচে রোহিত ব্রিগেড অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আরও একবার কিং কোহলির ব্যাটিং ধামাকা যাবতীয় প্রচারের আলো কেড়ে নিল। তিনি এই ম্যাচে ৯৮ বলে ৮৪ রান করলেন। কোহলি এই ম্যাচে শেষপর্যন্ত আর শতরান করতে পারেননি। বড় শট হাঁকাতে গিয়ে তিনি শেষপর্যন্ত আউট হয়ে যান। বিরাট এই নিশ্চিত শতরান হাতছাড়া করার জন্য একদিকে যেমন কোটি-কোটি ভারতীয় ক্রিকেট সমর্থক হতাশ হয়ে পড়েছিলেন। ঠিক তেমনই হতাশার সাগরে ডুব দেন উল্টোদিকে দাঁড়িয়ে থাকা কেএল রাহুল। পাশাপাশি, এই শট দেখে ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম আরও গম্ভীর হয়ে যান।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিরাট কোহলি দুর্দান্ত ব্যাটিং করছিলেন। রোহিত শর্মা অল্প রানে প্যাভিলিয়নে ফেরার পর ব্যাট করতে নেমেছিলেন কিং কোহলি। তিনি অজি বোলারদের উত্তম-মধ্যম 'ক্লাস' নিলেন। এই ম্যাচের শুরু থেকে ব্যাট হাতে বিরাট যথেষ্ট ছন্দে ছিলেন। হাত খুলে মাঠের চারদিকে শটও মারছিলেন। ৯৮ বলে ৮৪ রান করার পরই তাঁর এই অসাধারণ ইনিংসের পরিসমাপ্তি ঘটে। বিরাট তাঁর এই ইনিংসকে পাঁচটি বাউন্ডারি দিয়ে সাজিয়েছিলেন। তবে শেষপর্যন্ত তাঁর ভাগ্যটা খারাপ ছিল। এই টুর্নামেন্টের দ্বিতীয় শতরানটা তিনি পূরণ করতে পারলেন না।
অ্যাডাম জাম্পার বিরুদ্ধে বড় শট মারতে গিয়ে কোহলি একটি সহজ ক্যাচ দিয়ে বসেন। আউট হওয়ার পর বিরাট যখন প্যাভিলিয়নে ফিরছিলেন, ঠিক সেইসময় কেএল রাহুলকেও যথেষ্ট হতাশ দেখায়। প্যাভিলিয়নের দিকে এগিয়ে যাওয়া কোহলিকে তিনি বলেন, 'আমিই তো মারছিলাম। তোমার আবার বড় শট খেলার দরকার কী ছিল?' কোহলি আউট হওয়ার পর ড্রেসিংরুমে বসে টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীরকেও বেশ বিরক্ত দেখায়। আর বিরক্ত হবেন নাই বা কেন? বিরাট যেভাবে বিধ্বংসী মেজাজে ব্যাট করছিলেন, সেটা দেখে স্পষ্টই মনে হয়েছিল যে তিনি অনায়াসে শতরান করতে পারবেন।
সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পাশাপাশি টিম ইন্ডিয়া এই নিয়ে তৃতীয়বার আইসিসি টুর্নামেন্টে ফাইনালের টিকিট কনফার্ম করল। প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২৬৪ রান করে অলআউট হয়ে যায়। দলের হয়ে সর্বাধিক রান করেন অধিনায়ক স্টিভ স্মিথ (৭৩)। বল হাতে মহম্মদ সামি শিকার করেছেন তিনটে উইকেট। এছাড়া বরুণ এবং জাদেজা দুটো করে উইকেট নেন। ভারতের হয়ে কোহলি ৮৪ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন। শ্রেয়স আইয়ার ৪৫ রান করেছেন। হার্দিক পান্ডিয়া ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে ২৪ বলে ২৮ রান করেন। ৩৪ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন কেএল রাহুল। একটা বিশাল ছক্কা হাঁকিয়ে তিনি টিম ইন্ডিয়ার ফাইনাল টিকিট কনফার্ম করেন।