
শেষ আপডেট: 8 April 2024 21:38
দ্য ওয়াল ব্যুরো: সকাল দেখে কি রাত বোঝা যায়? যেভাবে সোমবার চেন্নাইয়ের বিরুদ্ধে কেকেআর শুরু করেছিল, আশঙ্কা একটা ছিলই। দিনের প্রথম বলে ফিরে গেলেন ওপেনার ফিল সল্ট। তাঁকে তুষার দেশপাণ্ডে শুরুতেই প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন।
চেন্নাইয়ের বোলাররা যেভাবে চাপে রেখেছিলেন কেকেআরকে, তাতেই বড় রান হতে পারেনি। কলকাতা প্রথমে ব্যাটিং নিয়ে তুলেছে ২০ ওভারে ১৩৭ রান নয় উইকেটের বিনিময়ে।
নারিন এদিনও দারুণ শুরু করেছিলেন। ২০ বলে ২৭ রানের ইনিংস খেলে ফিরে যান রবীন্দ্র জাদেজার বলে। নারিনের ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ওভার বাউন্ডারি। জাদেজা প্রথম বলেই ফেরান অভিষেক রঘুবংশীকে (২৪)। বেঙ্কটেশ আইয়ার (৩) ফেরেন জাদেজার বলেই।
আইপিএলের এই ম্যাচে দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার বহুক্ষণ থেকেও কাজের কাজ কিছুই করতে পারেননি। ৩২ বলে ৩৪ রান করেছেন। তিনি কেন এত স্লথ ইনিংস খেললেন, সেটাই রহস্যের বিষয়।
নাইটদের বাঘা বাঘা তারকারা সবাই এদিন ব্যর্থ হয়েছেন। জাদেজা বোলিংয়ে শুরুতে কলকাতাকে চাপে রাখার কাজটি করেছেন। তারপর চেন্নাই দলের বাকি বোলাররা নিজেদের দাপট দেখিয়েছেন। রাসেল (১০), রিঙ্কুরাও (৯) রান পাননি। তারমধ্যে ধোনি একবার রাসেলের ক্যাচও মিস করেন, সেই সুবিধেও নিতে পারেননি দ্রে রাস এই ক্যারিবীয় তারকা।
বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান শেষ ওভার যা করেছেন, সেটাই ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট। তাঁর বোলিং খেলতেই পারেননি শ্রেয়স, অনুকূলরা। টানা তিন ম্যাচ জিতে আত্মবিশ্বাসী হয়ে মাঠে নেমেছিল শাহরুখের দল। বরং টানা তিন ম্যাচ হেরে চাপে ছিল ধোনিরা। তাঁরাই ঘরের মাঠে বোলিংয়ে দাপট দেখাল। গতবারের চ্যাম্পিয়নরা রীতিমতো দাগ কাটলেন।