
শেষ আপডেট: 24 November 2023 21:23
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলের হারের পরে সব ক্রিকেটারদেরই মন খারাপ। তাঁরা হতাশার মধ্যে রয়েছেন। তার মধ্যেই কিছু ক্রিকেটার টি ২০ সিরিজ খেলছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার মেয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে রোহিত-কন্যা বলেছে, বাবা আবার হাসবে এক মাস পরে। তার মানে রোহিতরা যে ঘোর হতাশার মধ্যে রয়েছেন, ছোট্ট মেয়েটির কথাতেই পরিষ্কার হয়ে গিয়েছে।
এর মধ্যে কপিল দেব ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশে জানিয়েছেন, টানা দশটি ম্যাচে দল ভাল খেলেছে। এটাই ইতিবাচক দিক একটা দলের পক্ষে। ফাইনালে হারের কথা না ভেবে বরং উচিত হবে জয়ের সুখস্মৃতি নিয়ে বেশি ভাবা। তাতে আগামী দিনে আরও ভাল খেলতে সাহায্য করবে।
ভারতের প্রথম বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক মানছেন, তিনিও হতাশ হয়েছেন দলের হারে। তবে এখানেই থামলে চলবে না। হারের কথা না ভেবে নতুন উদ্যমে লেগে পড়তে হবে। কারণ সামনের বছর টি ২০ বিশ্বকাপ। সেই খেতাব যেন আমাদের দেশে আসে, তার জন্য দল সাজানোর কাজে লেগে পড়তে হবে। ভারতীয় দল যে সঠিক পথেই এগচ্ছে, তাও জানিয়েছেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক।
কপিল এর আগে জানিয়েছেন, তিনি ভারতীয় দলের আশেপাশে যান না। কারণ হিসেবে বলেছিলেন, তাঁদের পরামর্শ নিতে চান না বর্তমান দলের ক্রিকেটাররা। সেই নিয়ে আক্ষেপ ছিল কিংবদন্তির। এমনকী কপিলকে বিশ্বকাপ ফাইনালে আমন্ত্রণ না জানানোর ঘটনাতেও বিতর্ক হয়েছে। বোর্ড সেই নিয়ে কোনও বিবৃতি দেয়নি।