
আর্নে স্লট-লিভারপুল
শেষ আপডেট: 27 April 2025 13:19
দ্য ওয়াল ব্যুরো: লিভারপুল (Liverpool) সমর্থকদের কপাল মন্দ। ইউরোপের ময়দানে দাপট দেখালেও ঘরোয়া প্রিমিয়ার লিগ (EPL) তাদের বরাবর বুড় আঙুল দেখিয়ে এসেছে। স্টিভেন জেরার্ড (Steven Gerrard) থেকে রবি ফাওলার (Robbie Fowler)। মাইকেল আওয়েন (Michael Owen) থেকে জাবি অলোন্সো (Xabi Alonso)। তাবড় তাবড় ফুটবলাররা অ্যানফিল্ডে নেমেছেন। দর্শকদের উদাত্ত কণ্ঠে গাওয়া ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোনে’ গলা মিলিয়েছেন। কিন্তু সিংহখচিত প্রিমিয়ার লিগ ট্রফি নাগালে এসেও হাতে ওঠেনি।
পাঁচ বছর আগে সেই খরা কাটান য়ুর্গন ক্লপ (Jurgen Klopp)। লিভারপুল ইতিহাসে প্রথমবার ঘরোয়া লিগ জেতে। কিন্তু কোভিডকালে (Covid-19) সবকিছু লকডাউনের (Lockdown) আওতায় থাকায় সমর্থকদের নিয়ে উৎসবে মাততে পারেননি ভ্যান ডাইক (Virjil Van Dijk), মো সালাহরা (Mohammed Salah)।
সেই দুঃখ ভোলানোর সুযোগ এসেছে এবার। সুযোগ এনেছেন যিনি, তাঁর নাম আর্নে স্লট (Arne Slot)। গত বছর জুন মাসে ক্লপ দায়িত্ব ছাড়ার পর সিংহাসনে বসেন তুলনায় কম চর্চিত এই ডাচ কোচ। চলতি মরশুমে তাঁর কোচিংয়ে ধারাবাহিকতা দেখিয়েছে লিভারপুল। তবে সেভাবে অপ্রতিরোধ্য মনে হয়নি তাদের। হেরেছে নিকট প্রতিদ্বন্দ্বী আর্সেনালের হাতে। ঘরের মাঠে পরাস্ত করেছে নটিংহ্যাম ফরেস্টের মতো দল। ফরেস্ট যতই এবার অসাধারণ ফুটবল খেলুক না কেন, লিভারপুলকে অ্যানফিল্ডে হারাচ্ছে তারা—এ দৃশ্য হজম করতে কষ্ট হয় বৈকী!
এই কারণে, একদল ছিদ্রান্বেষী লাল আর্মির কীর্তি ও অর্জনকে খাটো চোখে দেখতে চাইছেন। আজ ঘরের মাঠে টটেনহ্যামের মুখোমুখি আর্নে স্লটের টিম। এই ম্যাচ ড্র করে এক পয়েন্ট পেলেই এবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল।
আপাতত ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছেন মো সালাহরা। এই সূত্রেই প্রশ্ন উঠেছে: ৯৭ পয়েন্ট নিয়েও ক্লপ যে ট্রফি পাননি, এ বছর সেই একই টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হবে মাত্র ৮০ পয়েন্টে! এই ছোট্ট তথ্যই কি এটা বোঝাতে যথেষ্ট নয়, যে এই সিজনে বাকি দলগুলি সমবেতভাবে ব্যর্থ হয়েছে? পেপ গোয়ার্দিওলার ম্যান সিটি যদি তাদের চেনা মূর্তিতে হাজির হত, স্লট কি পারতেন এত সহজে হাসতে হাসতে প্রিমিয়ার লিগ জিতে নিতে? আর্সেনাল যত শক্তিশালীই হোক না কেন, ম্যান সিটি নয়। লিভারপুলের এই কৃতিত্ব তাই যতটা না তাদের অর্জন, তার চেয়েও বেশি করে প্রতিপক্ষের অধঃপতন—এই ন্যারেটিভ তৈরি করেছেন বিশেষজ্ঞদের একটা বড় অংশ।
যদিও লিভারপুল ভক্তেরা এসবে আমল দিতে রাজি নন। আজ ড্র করলেই ৮০ পয়েন্ট হাতে আসবে। দল জিতবে দ্বিতীয় প্রিমিয়ার লিগ খেতাব। অ্যানফিল্ডের আকাশ-বাতাস জুড়ে তাই সাজো সাজো রব।
সমর্থকদের আবেগ আপাতত তুঙ্গে। যাকে মান্যতা দিয়েছেন কোচ আর্নে স্লটও। প্রি-ম্যাচ কনফারেন্সে সাফ বলেছেন, ‘এটা সত্যি গুরুদায়িত্ব। ক্লাব শেষবার যখন লিগ জিতেছিল, তখন কোভিড চলছে। তাই সকলে রবিবারের দিকে মুখিয়ে রয়েছে। তবে কাজ বাকি। এখনও এক পয়েন্ট জিততে হবে। এটা সমর্থকেরাও জানে। তারা যখন স্টেডিয়ামে আসবে, আশা করব, নিজেদের উজাড় করে সমর্থন জানাবে।‘
হিসেব, ইতিহাস যদিও লিভারপুলের পক্ষে। প্রতিপক্ষ টটেনহ্যাম কার্যত ছত্রভঙ্গ। আপাতত ১৬ নম্বর স্থানে রয়েছে অ্যাঞ্জ পস্তেকগলুর টিম। ২০১১ সালের পরে অ্যানফিল্ডে জিতেনি তারা।
প্রসঙ্গত, মরশুম শুরুর আগে ফেভারিট ছিল ম্যাঞ্চেস্টার সিটিই। বেশিরভাগ বিশ্লেষক, ক্লাব নির্বিশেষে সভ্য-সমর্থকেরা ভেবেছিলেন, পাঁচবার টানা প্রিমিয়ার লিগ খেতাব জিততে চলেছেন পেপ গোয়ার্দিওলা। কিন্তু সিজনের গোড়া থেকেই ছন্দ হারিয়ে ফেলে সিটি। লাগাতার হারের মুখ দেখতে হয়।
তখন নজর ঘুরে যায় আর্সেনালের দিকে। যারা টানা দুটি মরশুম রানার্স আপ হিসেবে সিজন শেষ করেছিল। অনেকেই ভেবেছিলেন, এবার ভাগ্যের তালা খুলবে। এবার হয়তো সিটির পদস্খলনের ফায়দা নেবে মিকেল আর্টেটার দল।
কিন্তু সমস্ত অনুমান আর অঙ্ককে ভুল প্রমাণ করে ফ্রন্ট রানার হিসেবে উঠে আসে লিভারপুল। নবাগত আর্নে স্লট মসনদে জমিয়ে বসতে সময় নেবেন, খেলোয়াড়রা ন’বছর ধরে যে ক্লপের অধীনে ‘হেভি মেটাল ফুটবল’ খেলে অভ্যস্ত, তাঁদের স্লটের আরও বেশি পজেশন-মুখ্য ফুটবলে ধাতস্থ হতে সময় লাগবে—এমনটাই ভেবেছিলেন কেউ কেউ। কিন্তু ডাচ কোচ নিন্দুকদের সমস্ত জল্পনাকে তুড়ি মেরে উড়িয়ে দলের কাণ্ডারী হয়ে উঠেছেন।
তাই বলে সবই যে নির্মেঘ ছিল, মাঝেমধ্যে ঝড়বৃষ্টি যে ধেয়ে আসেনি—এমন নয়। চ্যাম্পিয়নস লিগে হতাশা, ঘরোয়া নক আউট টুর্নামেন্টে (এফ এ কাপ, ক্যারাবাও কাপ) বিস্ময়কর প্রস্থান সহ্য করতে হয়েছে। প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি অপ্রত্যাশিত পরাজয়ের সাক্ষী থেকেছেন মো সালাহরা। কিন্তু ধারাবাহিকতা, অভিযোজন দক্ষতা এবং পরাজয় থেকে শিক্ষাগ্রহণ—মূলত এই তিন মন্ত্রকে অস্ত্র করেই এবারের লিগ, সম্ভবত আজই, পকেটে পুরতে চলেছে লিভারপুল।
মো সালাহর ফিনিশিং, ভ্যান ডাইকের চিনের প্রাচীরসম রক্ষণ কিংবা গ্রেভেনবার্চের প্রত্যুৎপন্নমতিত্ব—সবকিছু এই সাফল্যের উপাদান ঠিকই। কিন্তু বিশেষজ্ঞরা এই তাৎপর্যপূর্ণ জয়ের আসল অনুঘটক হিসেবে সামনে টেনে আনছেন একজনকেই। তিনি কিছুটা অন্তর্মুখী, অনেকটাই অন্তরালবাসী কোচ আর্নে স্লট।