
অক্ষর উইকেট নিয়ে আশা জাগালেন।
শেষ আপডেট: 29 June 2024 22:35
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার দুই উইকেট পড়ে যাওয়ার পরেও লড়ছিলেন কুইন্টন ডি’কক এবং স্টাবস। কিন্তু ম্যাচে ভারতের পক্ষে ব্রেক থ্রু ঘটালেন স্পিনার অক্ষর প্যাটেল। তিনি ৩১ রানের মাথায় বোল্ড করলেন স্টাবসকে। প্রোটিয়াদের তিন উইকেট পড়ে গিয়েছিল ৭০ রানে, আট ওভারের মধ্যে। এখনও আসল খেলা বাকি রয়েছে। ভারতীয় বোলাররা চাপ রাখার চেষ্টা করছেন।
টি ২০ বিশ্বকাপ ফাইনালে যশপ্রীত বুমরার খেল শুরু। তিনি প্রথম ওভারেই ফেরালেন দক্ষিণ আফ্রিকার ওপেনার হেনড্রিককে। সরাসরি তাঁর সুইংয়ে বোল্ড হয়ে গেলেন প্রোটিয়া তারকা।
দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের লক্ষ্য ১৭৭ রান। তারা সেই লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রথম উইকেট পড়ল সাত রানে। এমনকী অন্য পেসার আর্শদীপ সিং তুলে নিলেন মাক্রামের উইকেট। প্রোটিয়া বাহিনীর দুই উইকেট পড়ে গিয়েছে ১২ রানে। উইকেটে রয়েছেন ডি’কক ও ক্লাসেন।
বিরাট কোহলিকে কেন বড় মঞ্চের তারকা বলা হয়, আবারও বুঝল ক্রিকেট দুনিয়া। রোহিত শর্মা থেকে কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায়ও বলেছিলেন, কোহলি বড় তারকা, ওর রানে ফেরা সময়ের অপেক্ষা। সেটাই হল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে।
যে ম্যাচে ভাল খেলার কথা ছিল, সেই ম্যাচেই জ্বলে উঠলেন বিরাট কোহলি। গত ম্যাচগুলিতে রান পাননি কোহলি। সেই নিয়ে কথা হচ্ছিল। দলের অধিনায়ক রোহিত তাঁর পাশে ছিলেন। দলনেতার কথার মর্যাদা দিলেন কোহলি। তিনি দুরন্ত মেজাজে ছিলেন এদিনের ম্যাচে।
ভারতের ১৭৬ রানে কোহলির একারই ৭৬ রান। বাকিরা মিলে ১০০ রান তুলেছেন। কোহলির পাশে রান পেলেন অক্ষর প্যাটেল (৪৭), শিবম দুবে (২৭)। বাকিদের মধ্যে রোহিত থেকে শুরু করে ঋষভ, সূর্যকুমার, হার্দিক, জাদেজা সবাই এক অঙ্কের রান করেছেন। শেষ দুই ব্যাটার অবশ্য অপরাজিত ছিলেন।
বাকি ম্যাচের মতোই এবারও ভারতের বোলারদের ম্যাচ জয়ে ভূমিকা নিতে হবে। কেনসিংটন ওভালের পিচে বড় রান উঠেছে আগে। কিন্তু বৃষ্টি হওয়ার পর পিচ ও আউটফিল্ড বেশ স্লো হয়ে গিয়েছে।