
শেষ আপডেট: 23 January 2024 21:48
দ্য ওয়াল ব্যুরো: ইতালি ফুটবলের কিংবদন্তি লুইজি গিগি রিভা প্রয়াত। ৭৯ বছর বয়সে চলে গেলেন আজুরি ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। তিনি ছিলেন স্টাইলিশ বুলডোজার স্ট্রাইকার। যিনি বিখ্যাত ছিলেন তাঁর রকেটগতিতে শটের জন্য। তাঁকে বলা হতো থান্ডার ক্ল্যাপ (ব্রজের গর্জন)।
এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তুরিনে সোমবার রাতে তাঁর জীবনাবসান ঘটে নিজের বাড়িতেই।
ইতালি ফুটবল সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইতালি ফুটবল শোকাহত। কারণ, একজন সত্যিকারের এবং সঠিক জাতীয় নায়ক আমাদের ছেড়ে চলে গেছেন। গিগি রিভা ছিলেন একজন মহান মানুষ এবং অসাধারণ ফুটবলের একজন মূর্ত প্রতীক।’
ইতালির হয়ে ৪২টি ম্যাচ খেলে ৩৫টি গোল করেছেন রিভা। ১৯৬৮ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন তিনি। তার ২ বছর পর দলকে বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন রিভা। কিন্তু ব্রাজিলের কাছে হেরে বিশ্বজয় করতে পারেননি তিনি।
এছাড়া তাঁর হাত ধরেই ইতালির শীর্ষ ক্লাব ফুটবল প্রতিযোগিতা সিরি এ লিগে একমাত্র শিরোপা জিতেছে ক্যাগলিয়ারি। ক্লাব জীবনে প্রায় পুরোটা সময়ই ক্যাগলিয়ারির সঙ্গেই কাটিয়েছেন রিভা। ১৯৬৩ থেকে ১৯৭৬ পর্যন্ত ক্লাবটির হয়ে খেলেছেন তিনি। সিরি এ লিগে তিনবার ক্যাগলিয়ারিকে শীর্ষস্থানে তুলেছেন। ১৩ বছরের ফুটবল কেরিয়ারে ২০৭টি গোল করেছেন।
পাওলো রোসি, সিলাচ্চি, দোনাদুনিদের সফল পূর্বসূরী ছিলেন এই নামী তারকা। যিনি বহু ফুটবলারের আইকন ছিলেন।