.webp)
ইতালি কি খেতাব ধরে রাখতে পারবে?
শেষ আপডেট: 14 June 2024 23:40
দ্য ওয়াল ব্যুরো: গত দুটি বিশ্বকাপে ইতালিকে মিস করেছেন বহু ফুটবল প্রেমী মানুষ। তারমধ্যে অবশ্য তারা ইউরোপ সেরাও হয়েছে। গতবারের ইউরো কাপে তারাই চ্যাম্পিয়ন হয়েছিল।
জার্মানিতে শুরু হচ্ছে ইউরো চ্যাম্পিয়নশিপ। ইতালি কি খেতাব ধরে রাখতে পারবে? জার্মানি, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ডের মাথার ওপর ইতালিকে কেউই রাখছেন না।
অনেকে আবার মনে করছেন, এই ফেভারিট না থাকাটাই শাপে-বর হতে পারে ইতালির জন্য। অন্যরা যখন প্রত্যাশার চাপে থাকবে, তখন নিজেদের খেলাটা দিয়ে বাজিমাত করবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তিন বছর আগে যে দলটি নিয়ে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল, ইতালির এই দলে অনেক পরিবর্তন এসেছে। ট্রফি জেতানো কোচ রবার্তো মানচিনি দায়িত্ব ছেড়েছেন গত বছরের শেষের দিকে। তার উত্তরসূরি লুচিয়ানো স্পালেত্তির নেতৃত্বে দলটি নতুনভাবে গতিশীল হয়েছে।
বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় দলে নেই। রক্ষণের গুরুত্বপূর্ণ খেলোয়াড় জর্জি চিয়েলিনি আন্তর্জাতিক কেরিয়ার শেষ করেছেন। গত ইউরো জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা লিওনার্দো বোনুচ্চি এবং লরেঞ্জো ইনসাইনও দলে নেই। দলটিতে প্রতিভাবান যে ফুটবলাররা আছেন, তারা এখন পুরোপুরি প্রস্তুত কিংবদন্তিদের জুতোয় পা রাখতে।
চ্যাম্পিয়নশিপ জার্মানিতে বলেই মধুর স্মৃতি ভেসে আসবে ইতালিয়ানদের। ২০০৬ সালে এই দেশ থেকেই তারা জিতেছিল বিশ্বকাপ।
কোচ মার্সেলো লিপ্পির নেতৃত্বে ফ্যাভিও ক্যানাভারো, জিয়ানলুইজি বুফন এবং ফ্রান্সেস্কো টোট্টির মতো অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে গড়া ইতালি জিতেছিল নিজেদের চতুর্থ বিশ্বকাপ। এবারও কি আজুরীরা সেই চমক দেখাবে?